তিন দিনে জেমস বন্ডের আয় ১০১৭ কোটি টাকা

আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১২:৩০ পিএম

জেমস বন্ড হিসেবে ড্যানিয়েল ক্রেইগের সর্বশেষ ছবি ‘নো টাইম টু ডাই’ আন্তর্জাতিক বাজারে ভালোই ব্যবসা করেছে। ৫৪ বাজারে প্রথম তিন দিনে আয় করে নিয়েছে ১১.৯ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ১৭ কোটি টাকারও বেশি।

স্বাভাবিক সময়ের চেয়ে মহামারিকালে বক্স অফিস আয় নিয়ে আশঙ্কা ছিল। বাজার বিশ্লেষকেরা ধারণা করেছিলেন, উইকএন্ডে ‘নো টাইম টু ডাই’ আয় করবে ৯ কোটি ডলার। বোঝা যাচ্ছে, সেই প্রত্যাশা ছাড়িয়ে গেছে।

ভ্যারাইটি ডটকম জানায়, করোনাকালে ইউনিভার্সেল পিকচার্সের পরিবেশনা হিসেবে নতুন রেকর্ড করেছে ‘নো টাইম টু ডাই’। চীনের বাজার ছাড়াই প্রথম কোনো ছবি আয় করেছে ১০ কোটি ডলারের বেশি।

আমেরিকায় বিধি নিষেধ কার্যকর থাকায় এ মুহূর্তে ইংরেজি সিনেমার বড় বাজার হিসেবে চীন স্বীকৃত। তাই ২৯ অক্টোবর চীনে মুক্তির আগে ১১.৯ কোটি ডলার বেশ ভালোই অঙ্ক।

‘নো টাইম টু ডাই’-এর বাজেট ২৫ কোটি ডলার, প্রচারে খরচ হয়েছে কমপক্ষে ১০ কোটি ডলার। এ ছাড়া ৮ অক্টোবরের মাঝে আরও ১৫টি বাজারে প্রবেশ করবে। এর মধ্যে রয়েছে ফ্রান্স, রাশিয়া ও উত্তর আমেরিকা।

ড্যানিয়েল ক্রেইগের আগের ০০৭ ছবির তুলনায়ও ‘নো টাইম টু ডাই’-এর টিকিট বিক্রি সন্তোষজনক। ২০১৫ সালের ‘স্পেক্টর’ আয় করে ১২.৩ কোটি ডলারে ও ২০১২ সালের ‘স্কাইফল’ প্রথম তিন দিনে আন্তর্জাতিক বাজার থেকে তুলে ১০.৯ কোটি ডলার।

বন্ড সিরিজের ২৫তম ছবিটি ২০২০ সালের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু মহামারির ফাঁদে পড়ে এক বছরের বেশি সময় পর প্রেক্ষাগৃহে এলো।

‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। ড্যানিয়েল ক্রেইগ ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন রালফ ফিয়েনেস, নাওমি হ্যারিস, বেন হিশাও, জেফ্রি রাইট, লিয়া সেদুও, ক্রিস্টফ ভালৎজ, রামি মালেক, আনা ডি আরমাস, লাশানা লিঞ্চসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত