বাংলা সংগীতে বিশেষ ভূমিকা রাখায় ভারতে সম্মাননায় ভূষিত হলেন সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপস।
পশ্চিমবঙ্গের হাওড়া শরৎ সদনে শনিবার অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল রত্ন সম্মাননা’ অনুষ্ঠানে তাকে এ স্বীকৃতি জানানো হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সম্পর্কে বিস্তারিত জানা গেছে।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় তাপস বলেন, ‘আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এমন প্রেরণাদায়ী সম্মাননায় আমাকে ভূষিত করার জন্য। যে কোন সম্মাননাই আমাকে ভবিষ্যতে আরও ভালো কিছু করার ও দেশকে গর্বিত করার প্রচেষ্টায় দায়িত্বশীল করে তোলে।’
এ ছাড়া গত এপ্রিলে ডানা সম্মান ‘গর্বের বাঙালি অ্যাওয়ার্ড ২০২১’-এ সংগীত পরিচালক হিসেবে পশ্চিমবঙ্গের সংগীত ব্যক্তিত্বদের পাশাপাশি সম্মাননায় ভূষিত হন কৌশিক হোসেন তাপস। অন্যদিকের মধ্যে ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, আরতি মুখোপাধ্যায়, নচিকেতা চক্রবর্তী, শান, নির্মাতা কৌশিক গাঙ্গুলি, গৌতম ঘোষ ও লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ।
সংগীত পরিচালনায় বিশেষ অবদান রাখায় এর আগে সম্মানজনক ‘দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড’ (২০১৮) ও ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড’ অর্জন করেন কৌশিক হোসেন তাপস। সুরকার হিসেবে ২০১৩ সালে গ্রহণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
