অর্থ পাচারের মামলায় ই-কমার্স কোম্পানি এসপিসি ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন (৩১) এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তারকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসীম জামিনের আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে কলাবাগান থানায় হওয়া অর্থ পাচার আইনের মামলার আসামি ওই দুজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন জানান তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই সোহানূর রহমান। আসামিপক্ষে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ২৬ আগস্ট সিআইডির এসআই নাফিজুর রহমান বাদী হয়ে কলাবাগান থানায় মামলাটি করেন।
