ট্রেনে কাটা পড়ে চার জনের মৃত্যু

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০১:৪৪ এএম

রাজধানীর বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ট্রেনে কাটা পড়ে পৃথক ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। নাখালপাড়ায় ট্রেনে কাটা পড়ে ইসমাইল হোসেন (৪৫), সায়েদাবাদে অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬০), কুড়িল বিশ্বরোডে নিরাপত্তাকর্মী জলিলুর রহমান (৩৮) ও খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় প্রাণ হারান এহসান চৌধুরী (৩৫)।

নিহত ইসমাইলের মামা মো. আবেদ আলী জানান, ইসমাইলের বাড়ি নরসিংদী জেলায়। স্ত্রী শিউলি আক্তার ও একমাত্র ছেলেকে নিয়ে পূর্ব নাখালপাড়ায় থাকতেন। বিকেলে স্ত্রীর কাছে কাজের কথা বলে বাসা থেকে বের হন ইসমাইল। এর কিছুক্ষণ পর তার দুর্ঘটনার খবর শুনতে পান তারা।

গতকাল সোমবার সকালে সায়েদাবাদ করাতিটোলা এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরনে ছিল সাদা শার্ট ও চেক লুঙ্গি।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এসআই রিয়াজ মাহমুদ জানান, সকালে সায়েদাবাদ করাতিটোলা এলাকায় নারায়ণগঞ্জগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি। তার ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছে সিআইডি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির এএসআই সাকলাইন জানান, রবিবার রাতে কমলাপুরগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

অপরদিকে গত রবিবার রাতে খিলক্ষেত রেলগেটে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় শারীরিক প্রতিবন্ধী এহসান চৌধুরীর। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় থাকতেন তিনি। খিলক্ষেতে একটি কোম্পানিতে চাকরি করতেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত