বাবরের অবৈধ সম্পদ অর্জন মামলার রায় ১২ অক্টোবর

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০২:২৭ এএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের দুদুকের মামলার রায় ১২ অক্টোবর দিন ধার্য করেছে আদালত। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক মো. শহিদুল ইসলাম দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঘোষণা করেন। গত ৩০ সেপ্টেম্বর দুদকের পক্ষ থেকে যুক্তিতর্ক তুলে ধরেন মোশাররফ হোসেন কাজল। এরপর বাবরের পক্ষে তার আইনজীবী আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন শুরু করেন। গতকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করল।

গত ১৯ সেপ্টেম্বর মামলাটির সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এরপর ২১ সেপ্টেম্বর লুৎফুজ্জামান বাবর আত্মপক্ষ শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান। গতকালও শুনানিকালে বাবর আদালতে উপস্থিত ছিলেন তিনি। ২০০৭ সালের ২৮ মে যৌথ বাহিনীর হাতে আটক হওয়ার পর থেকে কারাগারে আছেন তিনি।

২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় এ আসামির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলাটি করেন সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১-এর সহকারী পরিচালক মির্জা জাহিদুল আলম। তদন্ত শেষে ওই বছরের ১৬ জুলাই দুদকের উপ-সহকারী পরিচালক রূপক কুমার সাহা আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে বাবরের বিরুদ্ধে ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ করা হয়েছে। তিনি দুদকে ৬ কোটি ৭৭ লাখ ৩১ হাজার ৩১২ টাকার সম্পদের হিসাব দাখিল করেছিলেন। তার অবৈধ সম্পদের মধ্যে প্রাইম ব্যাংক এবং এইচএসবিসি ব্যাংক দুটি এফডিআরে ৬ কোটি ৭৯ লাখ ৪৯ হাজার ২১৮ টাকা এবং বাড়ি নির্মাণ বাবদ ২৬ লাখ ৪২ হাজার ৬৭৮ টাকা গোপনের কথা উল্লেখ করা হয়। একই বছরের ১২ আগস্ট আসামির বিরুদ্ধে বিচার শুরু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত