ইউপি নির্বাচন

টাকা খেয়ে খারাপ লোকের নাম কেন্দ্রে পাঠাবেন না : কাদের

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০২:৩১ এএম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ‘খারাপ’ কোনো ব্যক্তির নাম ‘টাকার বিনিময়ে’ কেন্দ্রে না পাঠানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জনগণের কাছে গ্রহণযোগ্য মানুষের নাম কেন্দ্রে পাঠান। জনগণের ভাগ্য উন্নয়নের জন্য রাজনীতি করতে হবে, নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়।’ প্রয়াত সাংসদ হাসিবুর রহমান স্বপনের স্মরণে গতকাল সোমবার সিরাজগঞ্জের শাহজাদপুরে আয়োজিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘অনেকেই ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে যায়, যা মোটেই কাম্য নয়। নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করবেন না। রাজনীতিতে ভালো মানুষদের সঙ্গে রাখতে হবে। খারাপ মানুষ দিয়ে রাজনীতি করলে দল নষ্ট হয়ে যাবে। দুঃসময়ে বসন্তের কোকিলরা দলে থাকবে না, ত্যাগীরাই সুখে-দুঃখে দলের পাশে থাকবে। তাই সৎ ও ভালো মানুষদের দলে টানতে হবে।’

তিনি আরও বলেন, ‘৭৫-এর পর দেশে যে প্রতিহিংসার রাজনীতি শুরু হয়েছিল তার এখনো রেশ রয়ে গেছে। সেই সময়ে হত্যাকাণ্ডে কারা জড়িত ছিল, কে নেপথ্যে ছিল সেই ইতিহাস সবাই জানে যা কখনো ভুলে যাওয়ার নয়। জিয়া যেমন ৭৫-এর হত্যাকাণ্ডের নেপথ্যের নায়ক ছিলেন, তেমনি ২১ আগস্টে তারেক রহমান ছিলেন মাস্টার মাইন্ড। জিয়াউর রহমান দেশে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন আর বিএনপি এখনো তা অব্যাহত রেখেছে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘একাধিকবারের একজন প্রধানমন্ত্রীর কয়টা জন্মদিন থাকতে পারে, এটা কি প্রতিহিংসা নয়? আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুভূতিতে খোঁচা দিতে খালেদা জিয়া এ ভুয়া জন্মদিন পালন করেন। প্রতিহিংসার রাজনীতিতে কীভাবে সামাজিক সম্পর্ক বজায় রাখব?’

সেতুমন্ত্রী প্রয়াত হাসিবুর রহমান স্বপনকে একজন সফল রাজনীতিবিদ আখ্যায়িত করে বলেন, ‘একজন নির্লোভ, নিরহংকার নেতা ও জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন স্বপন। তার আত্মার শান্তি কামনা করি।’

শাহজাদপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শোকসভায় সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, সংসদ সদস্য তানভীর শাকিল জয় প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত