ছয় ঘণ্টা পর ফিরল ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৯:০১ এএম

সার্ভার ডাউন হয়ে প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। তিনটি প্ল্যাটফর্মই ফেইসবুকের মালিকানাধীন।

এর আগে সোমবার রাত থেকে কোনো ডিভাইস দিয়েই এই মাধ্যমগুলোতে ঢোকা যাচ্ছিল না। বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দেয়।

ডাউনডিটেক্টার জানিয়েছে, তাদের দেখা এটাই সবচেয়ে বড় বিভ্রাট। বিশ্বব্যাপী এক কোটি ৬০ লাখ ব্যবহারকারী সমস্যার মুখোমুখি হওয়ার রিপোর্ট করেছেন।

সর্বশেষ ফেইসবুক এ ধরনের বড় সমস্যার মুখোমুখি হয়েছি ২০১৯ সালে।

বাংলাদেশ সময় রাত ১০টার দিকে ফেইসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে সমস্যার শুরু হয়। ভোররাত ৪টার দিকে আবার এসব সেবা পেতে শুরু করেন গ্রাহকরা।

এদিকে যারা এই বিভ্রাটের কারণে সমস্যার মুখোমুখি হয়েছেন, একটি টুইট বার্তায় তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেছে ফেইসবুক কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়া জগতের শীর্ষ এই প্রতিষ্ঠানের প্রধান কারিগরি কর্মকর্তা মাইক শোরফার বলেছেন, ফেইসবুক শতভাগ কার্যকরী হতে আরও কিছুটা সময় লাগবে।

পাশাপাশি ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ টুইটারে একটি পোস্টে নিশ্চিত করেছে যে, তাদের সেবা আবার চালু হয়েছে।

দীর্ঘ সময় ধরে এ ধরনের ব্যাপক মাত্রার বিভ্রাট খুবই বিরল। সর্বশেষ ২০১৯ সালে ফেইসবুক এবং তাদের অন্যান্য অ্যাপে সমস্যা হওয়ার কারণে বিশ্বব্যাপী গ্রাহকরা ১৪ ঘণ্টার বেশি সময় ব্যবহার করতে পারেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত