১৮ বছরের কম বয়সীদের টিকা দেয়ার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: স্বাস্থ্যের ডিজি

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ০৭:৩০ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেছেন, ১৮ বছরের কম বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

মঙ্গলবার ঢাকার মহাখালীতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআই ভবনে সাংবাদিকদের প্রশ্নে একথা জানান তিনি।

ডা. খুরশীদ বলেন, “বাচ্চাদের আমরা টিকা দেব, কিন্তু এই মুহূর্তে শুরু করব না। কিছুদিন পরে শুরু করব। যেহেতু বিষয়টি স্পর্শকাতর, এটা নিয়ে আমরা কাজ করছি। মাননীয় প্রধানমন্ত্রীও শিশুদের টিকা দিতে বলেছেন। এ নিয়ে আলোচনা ও প্রচেষ্টা চলছে।”

স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি টিকার বৈশ্বিক জোট-কোভ্যাক্স থেকে পাওয়া ফাইজারের টিকা সংরক্ষণের সক্ষমতা পরিদর্শন করতে ইপিআই ভবনে গিয়েছিলেন।

তিনি জানিয়েছেন, দেশে এখন পর্যন্ত ফাইজারের ৪২ লাখ ৩৮ হাজার ৯১০ ডোজ টিকা এসেছে। আর সংরক্ষণের সক্ষমতা আছে ৭৮ লাখ ডোজ। এবার ঢাকার বাইরেও ফাইজারের টিকা দেওয়া হবে।

তিনি বলেন,“ফাইজারের টিকা এবার রাজধানী ছাড়াও বড় বিভাগীয় শহর ও জেলা পৌরসভায় দেয়ার পরিকল্পনা আছে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত