রাকিবের খেলা নিয়ে ধোঁয়াশা

আপডেট : ০৫ অক্টোবর ২০২১, ১১:১০ পিএম

মালদ্বীপের বিপক্ষে কাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে লেফট উইঙ্গার রাকিবের মাঠে নামা নিয়ে সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে অসাধারণ খেললেও দুই ম্যাচেই একটি করে হলুদ কার্ড দেখায় রাকিব খেলতে পারবেন না- এমনটাই কাল সকালে অনুশীলন সেশনে বলাবলি করছিলেন সবাই। তবে বিকেলে জানা যায় অন্য কথা। কোচ অস্কার ব্রুজন এই প্রতিবেদককে নিশ্চিত করেন, দুই হলুদ কার্ড নয়, রাকিব আসলে দেখেছেন একটা হলুদ কার্ড। তাই তিনি খেলতে পারবেন মালদ্বীপের বিপক্ষে। দলীয় সূত্রে জানা গেছে, তাদের হাতে দু’টি ম্যাচেরই রেফারির দেওয়া ম্যাচ রিপোর্ট রয়েছে। যা যাচাই করে রাকিবের একটা হলুদ কার্ড পাওয়া গেছে। বিষয়টি অবশ্য পুরোপুরি নিশ্চিত হতে সময় নিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। রাকিব যদি খেলতে পারেন, সেটা হবে বাংলাদেশের জন্য বড় পাওয়া। না পারলে তার বিকল্প ভেবে রেখেছেন কোচ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত