কারওয়ানবাজারে যুবককে ছুরি মেরে হত্যা

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৫:৩৭ এএম

রাজধানীর কারওয়ান বাজারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।

গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে প্রিন্স হোটেলের সামনে বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় কয়েক ছিনতাইকারী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে পথচারীরা প্রথমে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ১১টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে যাওয়া রাকিব ও হৃদয় নামে দুই যুবক জানান, ওই ব্যক্তি প্রিন্স হোটেলের সামনে রক্তাক্ত অবস্থায় পড়েছিল। তখন আশেপাশের লোকজন সবাই বলাবলি করেছে তাকে ছিনতাইকারীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করেছে। ঘটনার সময় অজ্ঞাতনামা ব্যক্তি বাইসাইকেল চালিয়ে প্রিন্স হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, উদ্ধারকারীরা জানিয়েছেন, তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি।

নিহতের পকেট থেকে একটি মানিব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে একটি  পেনড্রাইভ ও কিছু টাকা-পয়সা পাওয়া গেছে। কিন্তু তার কাছে কোনো মোবাইল পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত