বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু এক দিনের ব্যবধানে কিছুটা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে এ ভাইরাসে ৫ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৫২ হাজার ৭৭৯ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ৪ লাখ ১২ হাজার ৯৪১ জন। এর আগের ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় ৪ হাজার ৬২৫ জনের মৃত্যু হয়। এই সময়ে নতুন করে আক্রান্ত হয় ৩ লাখ ৩ হাজার ২৩৪ জন।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লাখ ২২ হাজার ২৩৬ জনের। আর মোট আক্রান্ত হয়েছে ২৩ কোটি ৬১ লাখ ৪১ হাজার ২৭২ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ২১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ২৫১ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪ কোটি ৪৬ লাখ ৬ হাজার ৬৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছে ৭ লাখ ২১ হাজার ৫৮৬ জন। আর সেরে উঠেছে ৩ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭০৬ জন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫১ হাজার জন। এর মধ্যে মারা গেছে ৪ লাখ ৪৯ হাজার ২৮৩ জন। আর সুস্থ হয়েছে ৩ কোটি ৩১ লাখ ৪২ হাজার ৯৬৬ জন।
তালিকার তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন। এর মধ্যে ৫ লাখ ৯৮ হাজার ১৮৫ জন মারা গেছে। আর সেরে উঠেছে ২ কোটি ৪ লাখ ৬২ হাজার ৩৪৫ জন।
তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান, আর্জেন্টিনা, স্পেন, কলম্বিয়া ও ইতালি।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এ ভাইরাসে দেশটিতে প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। এরপর ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। সংক্রমণ চীন থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় ইউরোপের কিছু দেশ ও যুক্তরাষ্ট্র। তবে দেশগুলোতে চলতি বছরের শুরুর দিকে করোনা নিয়ন্ত্রণে আসা শুরু হয়। এর বিপরীতে পরিস্থিতি খারাপ হতে থাকে ভারতসহ এশিয়ার কিছু দেশে। তবে ভারত থেকে ছড়িয়ে পড়া ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের করোনা পরিস্থিতি ফের খারাপ হয়।
