আমরা দেশের স্বার্থে আইন কার্যকর করেছি : তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৬:০২ এএম

ক্লিনফিড বাস্তবায়নে আমরা দেশের স্বার্থে আইন কার্যকর করেছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘গণমাধ্যমের স্বার্থে, গণমাধ্যমের সঙ্গে যুক্ত সাংবাদিক, শিল্পী-কলাকুশলী সবার স্বার্থে এবং এ আইন সমগ্র পৃথিবীতে আছে। প্রতিবেশী সকল দেশে এই আইন অনেক আগেই কার্যকর হয়েছে। আমাদের দেশে একটি মহল নানা অজুহাতে এ আইন কার্যকর করতে দেয়নি।’ গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজেসি ট্রাস্টি বোর্ডের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। ক্লিনফিড বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীকে সম্প্রচার সাংবাদিকরা এসময় অভিনন্দন জানান।

তথ্যমন্ত্রী বলেন, ‘আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশিরভাগ মন্তব্যই এই সিদ্ধান্তের পক্ষে দেখি। এছাড়া সকল সাংবাদিক এই সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন, যারা টেলিভিশনের মালিক তারা দাঁড়িয়েছেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ব্যবসায়ী সংগঠনগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট এর পক্ষে বিবৃতি দিয়েছেন। সুতরাং কেউ এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। শুধু একটি পক্ষই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল। সেগুলো হালে পানি পায়নি।’

ক্লিনফিড নিয়ে অন্য দেশগুলো কত যত্নবান সেই উদাহরণ তুলে ধরে তিনি আরও বলেন, ‘ভারত সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী  বাংলাদেশ টেলিভিশন ভারতে এবং দূরদর্শন এদেশে সম্প্রচার হয়। ভুলক্রমে একবার বিটিভির ইত্যাদি অনুষ্ঠানের ফিডে একটি বিজ্ঞাপন ছিল, সাথে সাথে তারা সম্প্রচার থামিয়ে আমাদের নোটিস করেছিল। নেপালে এ আইন কার্যকর করার সময় নানা পক্ষ বিরোধিতা করেছিল, এখন নেপালের মতো দেশেও সংশ্লিষ্ট চ্যানেলগুলো ক্লিনফিড পাঠায় আর আমাদের এখানে পাঠাত না। আমাদের এখানে তাদের পক্ষে ওকালতি করার একটা পক্ষ ছিল। কিন্তু এখন সেটি করতে হবেই।’

আইন কার্যকর করতে সরকার বদ্ধপরিকর এবং এ নিয়ে কেউ বিভ্রান্তি ছড়ালে সেটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, দেশে অনেক চ্যানেলে ক্লিনফিড আসে, সেগুলো প্রথমে কেউ চালায়নি, এখন অনেকেই চালানো শুরু করেছেন। আমরা আজকেও সময় দিচ্ছি সেগুলো চালানোর জন্য। আগামীকাল থেকে ক্লিনফিড আসা সত্ত্বেও চালানো না হলে, সেটার জন্য মোবাইল কোর্ট চলবে। অন্যান্য কেবল অপারেটিংয়ের শর্তও যদি কেউ না মানে, মোবাইল কোর্টের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মতবিনিময়কালে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজা, বিজেসি ট্রাস্টি বোর্ড সদস্য নূর সাফা জুলহাস প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত