কোমরে চোট পাওয়ায় চলতি আইপিএল ও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন স্যাম কারেন। মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এতে অবশ্য কপাল খুলে খেলে গেল তার বড় ভাই টম কারেনের। ছোট ভাই স্যামের পরিবর্তে ইংল্যান্ড তাদের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করল বড় ভাই টমকে। এ ছাড়া ইংলিশদের সফরকারী রিজার্ভে জায়গা পেয়েছেন বাঁ-হাতি পেসার রিস টপলি।
ইসিবি এক বিবৃতিতে জানায়, ‘সে (স্যাম কারেন) কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যে ফিরে যাবে এবং আরেকটি স্ক্যান করাবে। এরপর এই সপ্তাহে রিভিউ জানাবে ইসিবির মেডিকেল দলকে।’
শনিবার আবু ধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে চোট পান ২৩ বছর বয়সী কারেন। চোটের অবস্থা জানতে স্ক্যান করা হয় তার। কিন্তু সেই চোটের কারণে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন স্যাম। আইপিএলের এই মৌসুমে ৯ ম্যাচ খেলে ৯.৯৩ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়েছেন তিনি। চার ইনিংস ব্যাট করে নিয়েছেন ৫৬ রান।
২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড ১৮ অক্টোব, আবু ধাবিতে বিশ্বকাপের জন্য তাদের ওয়ার্ম-আপ সূচিতে খেলবে ভারতের বিপক্ষে। আসরের সুপার-১২’তে গ্রুপে ইংলিশদের বাকি প্রতিপক্ষ হলো— অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।
স্কোয়াড: ইয়র মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, টম কারেন, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টায়মাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
সফরের রিজার্ভ: লিয়াম ডউসন, রিস টপলি, জেমস ভিন্স
