আন্তর্জাতিক ক্রিকেটকে আগেই বিদায় জানিয়েছেন। এবার আইপিএল থেকেও অবসরের ইঙ্গিত দিলেন মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক-উইকেটরক্ষক জানান, ভক্তদের সামনেই আইপিএলকে বিদায় জানাবেন তিনি।
চেন্নাইকে দেওয়া এক ভিডিও বার্তায় ধোনি বলেন, ‘যখন অবসরের প্রসঙ্গ আসে তখন নিশ্চয়ই আপনি চেন্নাইয়ে বসে সামনাসামনি আমাকে বিদায় জানাতে চাইবেন। আপনি এখনো আমাকে বিদায় জানানোর সুযোগ পাবেন। আশা করি, আমরা চেন্নাইয়ে আসব এবং সমস্ত ভক্তদের সামনে আমি সেখানে নিজের শেষ ম্যাচ খেলব।’
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর আইপিএলে আরও একটি মৌসুম খেলার ইচ্ছে পোষণ করেছিলেন তিনি। সে অনুযায়ী এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলে যাচ্ছেন ধোনি।
জাতীয় দল থেকে অবসরের পর বলিউডে নাম লেখাতে পারেন ধোনি, এমন গুঞ্জন উঠেছিল। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক জানিয়েছেন, বলিউড তার বিষয় নয়।
অবসরের পরও ক্রিকেটের সঙ্গে থাকবেন ধোনি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ভারতের ১৫ সদস্যের বিশ্বকাপ দলে ভারতকে দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ককে মেন্টরের দায়িত্ব দিয়েছে বিসিসিআই। চলমান আইপিএল শেষেই তিনি টিম ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবেন।
