আর্জেন্টিনার ২ ‘পাটাগোনিয়ান মারা’র ঠাঁই হলো সাফারি পার্কে

আপডেট : ০৬ অক্টোবর ২০২১, ০৯:১১ পিএম

গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আর্জেন্টিনার দুটি পাটাগোনিয়ান মারা আনা হয়েছে। এ সময় প্রাণী দুটির সঙ্গে আরও ১৪ টি ময়ূরও নিয়ে আসা হয় পার্কে। এর আগে চোরাকারবারিদের কবল থেকে রক্ষা পায় সাতটি পাটাগোনিয়ান মারা ও পনেরোটি ময়ূর। মঙ্গলবার রাতে এই প্রাণীগুলো পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

সাতক্ষীরার বেশ কয়েকটি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ প্রাণীগুলো উদ্ধার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান। পরে সে গুলো পার্কে আনা হলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রাণীগুলো কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

পার্ক কর্তৃপক্ষ জানান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনার বন প্রহরী দেবদাস কবিরাজ ও জুনিয়র ওয়াইল্ডলাইফ স্কাউট অনিমেষ চন্দ্র মিরবর ১৪টি ময়ূর ও দুইটি পাটাগোনিয়ান মারা পার্কে নিয়ে আসেন। পরে সবগুলো প্রাণীকে প্রাথমিক অবস্থায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রাণীগুলো ভালো আছে। আদালতের নির্দেশে প্রাণীগুলো পার্কে আনা হলো।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  নির্মল কুমার পাল  জানান, ২৭ সেপ্টেম্বর ময়ূরগুলো মাইক্রোবাসে করে বাংলাদেশ থেকে সীমান্ত পাড়ি দিয়ে অন্য কোথাও নেওয়ার চেষ্টা করা হচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালায় সাতক্ষীরা থানা-পুলিশ। অভিযানে ১৫ টি ময়ূর উদ্ধার হয়। পরে ১ অক্টোবর একটি ময়ূর মারা যায়।

তিনি আরও জানান, ২৩ আগস্ট সাতক্ষীরা সীমান্ত এলাকায় অভিযান চালালে পাচারের সময় সাতটি পাটাগোনিয়ান মারা উদ্ধার করে বিজিবি। পরে পাঁচটি বিভিন্ন কারণে মারা যায়। এগুলো আর্জেন্টিনার প্রাণী। চোরাই পথে এগুলো আমদানি করা হয়েছিল। উদ্ধারের পরে প্রয়োজনীয় কাজ শেষে গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে পাঠানো হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) মো. তবিবুর রহমান দেশ রূপান্তরকে জানান, এখানে আনা ময়ূর ও পাটাগোনিয়ান মারা ভালো আছে। কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ হলে প্রাণীগুলো দর্শনার্থীদের উন্মুক্ত করা হবে। এ মৌসুমে বাড়তি আনন্দ জোগাবে এ নতুন আর্জেন্টিনার প্রাণী ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত