এক বছরের ব্যবধানে দেশে মোবাইল সংযোগ বেড়েছে ১ কোটি ২৬ লাখ। এতে করে চলতি বছরের আগস্ট শেষে দেশের চার মোবাইল ফোন অপারেটরের গ্রাহক সংখ্যা প্রায় ১৮ কোটিতে উন্নীত হয়েছে। এরমধ্যে চলতি আগস্টে ১৬ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক সংযোগ পেয়েছে মোবাইল ফোন অপারেটরগুলো। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিটিআরসির সর্বশেষ প্রকাশিত তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের আগস্ট শেষে দেশের চার মোবাইল ফোন অপারেটরের সম্মিলিত গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ৮৬ লাখ ১০ হাজারে, যা ২০২০ সালের একই সময়ে ছিল ১৬ কোটি ৬০ লাখ। বর্তমানে মোবাইল ফোনের মোট গ্রাহকের ৪৬ দশমিক ৫ শতাংশই শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের।
গত আগস্ট শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩১ লাখ ৮০ হাজার। এছাড়া রবি আজিয়াটার ৫ কোটি ২২ লাখ ৬০ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৬৯ লাখ এবং টেলিটকের ৬২ লাখ ৭০ হাজার সংযোগ রয়েছে। এক বছরের ব্যবধানে যে পরিমাণের গ্রাহক সংখ্যা বেড়েছে তার প্রায় অর্ধেক পেয়েছে গ্রামীণফোন। এ সময়ে শীর্ষ এই মোবাইল ফোন অপারেটরটির গ্রাহক সংযোগ বেড়েছে ৬১ লাখের বেশি। ২০২০ সালের আগস্ট শেষে গ্রামীণফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ৭ কোটি ৭০ লাখ ১১ হাজার। এক বছরে দ্বিতীয় শীর্ষ অপারেটর রবি আজিয়াটা পেয়েছে ২৪ লাখ ৭৬ হাজার নতুন গ্রাহক। ২০২০ সালের আগস্ট শেষে রবির গ্রাহক সংখ্যা ছিল ৪ কোটি ৯৭ লাখ ৮৪ হাজার। এ সময়ে নতুন ২৩ লাখ ২২ হাজার গ্রাহক পেয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড। আর রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক লিমিটেড পেয়েছে ১৬ লাখ ২০ হাজার। গ্রাহক সংখ্যায় গ্রামীণফোন শীর্ষে থাকলেও এক বছরের গ্রাহক সংযোগ প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে টেলিটক। অপারেটরটির মোট গ্রাহকের ৩৪ দশমিক ৭ শতাংশ পেয়েছে গত এক বছরে। একই সময়ে গ্রামীণফোনের প্রবৃদ্ধি হয়েছে ৮ শতাংশ।
বিটিআরসির হিসাবে গত জুলাইয়ে মোবাইল ফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৭ কোটি ৬৯ লাখ ৪০ হাজার, যা গত জুনে ছিল ১৭ কোটি ৬৪ লাখ ১০ হাজার। চলতি বছরের মে মাসে মোবাইল গ্রাহক সংখ্যা ছিল ১৭ কোটি ৫২ লাখ ৭০ হাজার। এপ্রিলে এ সংখ্যা ছিল ১৭ কোটি ৪১ লাখ। চলতি বছরের জানুয়ারিতে মোবাইল ফোনের গ্রাহক সংযোগ ছিল ১৭ কোটি ১৮ লাখ ৫৪ হাজার।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৯০ দিনের মধ্যে কোনো সিমে কথা বলা, এসএমএস পাঠানো বা ইন্টারনেট ব্যবহার করলেই তাকে সক্রিয় গ্রাহক হিসেবে গণ্য করে। অবশ্য একজন গ্রাহক একাধিক সিম ব্যবহার করতে পারেন। এদিকে মোবাইল সংযোগ বাড়ার পাশাপাশি দেশে ইন্টারনেট সংযোগও উল্লেখযোগ্য হারে বাড়ছে। পর্যালোচনায় দেখা গেছে, চলতি বছরের আগস্ট শেষে দেশে ইন্টারনেট সংযোগ দাঁড়িয়েছে ১২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার, যা গত বছরের একই সময়ে ছিল ১০ কোটি ৮১ লাখ ৮৮ হাজার। এক বছরের ব্যবধানে ইন্টারনেট সংযোগ বেড়েছে প্রায় ১৬ শতাংশ। বিটিআরসির হিসাবে চলতি আগস্ট শেষে মোবাইল ইন্টারনেটের সংযোগের পরিমাণ ছিল ১১ কোটি ৫৪ লাখ ১০ হাজার, যা গত বছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৬ লাখ ১৮ হাজার। আর ২০২০ সালের আগস্ট শেষে ব্রডব্যান্ড ৮৫ লাখ ৭১ হাজার, যা চলতি আগস্ট শেষে ১ কোটি ৫০ হাজারে উন্নীত হয়।
