অপ্রতিসম জৈব-অনুঘটকের আবিষ্কারে রসায়নে নোবেল

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:২০ এএম

রসায়নে চলতি বছর নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট এবং যুক্তরাষ্ট্রের ডেভিড ম্যাকমিলান। গতকাল বাংলাদেশ সময় বুধবার বিকালে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। তারা অপ্রতিসম জৈব-অনুঘটন আবিষ্কারের জন্য এ পুরস্কার জিতেছেন। 

নোবেল কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই দুই বিজ্ঞানীর আবিষ্কার অণু তৈরির কাজ আরও সহজ করবে। এর মাধ্যমে নতুন ফার্মাসিউটিক্যাল যৌগ থেকে শুরু করে আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরকারী সোলার সেলের যৌগ সবই তৈরি করা যায়। তাদের আবিষ্কার করা ‘প্রভাবক’ পরিবেশবান্ধব এবং কম খরচে উৎপাদন করা যায়। বেঞ্জামিন লিস্ট এবং ম্যাকমিলানের কাজ ইতিমধ্যেই ওষুধ গবেষণায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।

নোবেল কমিটির ভাষ্য পৃথক পরমাণুগুলোকে নির্দিষ্ট ব্যবস্থায় যুক্ত করে অণু তৈরি করা একটি কঠিন এবং সময়সাপেক্ষ কাজ। এই সহস্রাব্দের শুরুর আগ পর্যন্ত, রসায়নবিদদের প্রক্রিয়াটি দ্রুত করার জন্য কেবল দুটি পদ্ধতি বা অনুঘটক ছিল। তবে ২০০০ সালে এর পরিবর্তন ঘটে। ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের লিস্ট এবং প্রিন্সটন ইউনিভার্সিটির ম্যাকমিলান আলাদাভাবে তাদের গবেষণাতে জানান যে, ছোট জৈব অণুগুলো বড় উৎসেচক বা এনজাইম এবং ধাতু অনুঘটক হিসেবে একই কাজ করতে পারে।

বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্ম নেন। ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান যুক্তরাজ্যের বেলশিলে জন্ম নেন ১৯৬৮ সালে। পুরস্কারের এক কোটি সুইডিশ ক্রোনার সমানভাগে ভাগ করে নেবেন এ দুই গবেষক।

বরাবরের মতোই চিকিৎসা বিভাগের পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে সোমবার চলতি বছরের নোবেল মৌসুম শুরু হয়। মানবদেহে উষ্ণতার অনুভূতি কীভাবে ছড়ায়, সেই গবেষণার জন্য যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড জুলিয়াস ও অডার্ম প্যাটাপুটেনকে এবার যৌথভাবে চিকিৎসার নোবেল জিতেছেন।

আজ বৃহস্পতিবার আসবে সাহিত্যের নোবেল ঘোষণা। এরপর শুক্রবার শান্তি এবং আগামী ১১ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত