জাতীয় প্রেস ক্লাবের প্রয়াত ৩৪ সদস্যকে স্মরণ

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:২৫ এএম

গত বছরের ২৪ অক্টোবর থেকে চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত মারা যাওয়া ৩৪ সদস্যকে স্মরণ করেছে জাতীয় প্রেস ক্লাব। গতকাল বুধবার এ স্মরণসভায় শ্রদ্ধা জানাতে উপস্থিত হন প্রয়াত সাংবাদিকদের সহকর্মী ও পরিবারের সদস্যরা।

শুরুতে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে তাদের দীর্ঘ কর্মজীবনের নানা অবদান তুলে ধরে বক্তব্য দেন সাংবাদিক নেতারা। তারা বলেন, জাতীয় প্রেস ক্লাবের ৬৭ বছরের ইতিহাসে এক বছরে এত বেশি সদস্যের মৃত্যু কখনো হয়নি। দেশের প্রথিতযশা এসব সাংবাদিকের মৃত্যুতে গণমাধ্যম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সাংবাদিক পেশাদারিত্ব বজায় রেখে কর্মময় জীবনকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন, যা বর্তমান প্রজন্মের জন্য শিক্ষণীয়।

স্মরণসভায় বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর সম্পাদক সাইফুল আলম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বর্তমান সহ-সভাপতি হাসান হাফিজুর রহমান, সাবেক সহ-সভাপতি ওমর ফারুক, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক মঈনুল ইসলাম ও আশরাফ আলী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ।

গত এক বছরে প্রেস ক্লাবের প্রয়াত সদস্যরা হলেন হাসান শাহরিয়ার, জাহিদুজ্জামান ফারুক, এ ইউ এম ফখরুদ্দিন, ফকীর আবদুর রাজ্জাক, আবুল হাসনাত, এরশাদুল হক, হান্নান খান, খন্দকার মুনীরুজ্জামান, হুমায়ুন সাদেক চৌধুরী, খোন্দকার আতাউল হক, মিজানুর রহমান খান, হিলালী ওয়াদুদ চৌধুরী, সৈয়দ লুৎফুল হক, আহমদ আখতার, শাহীন রেজা নূর, সৈয়দ আবুল মকসুদ, আতিয়ার রহমান আতিক, এ জেড এম আনাস, মো. নুরুল হুদা, মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ, কাইয়ুম খান মিলন, খোন্দকার শাহাদাত হোসেন, মো. রফিকুল আলম, এনামুল হক, সৈয়দ শাহজাহান, খোন্দকার ফজলুর রহমান (ফিউরি), শাহিদুজ্জামান খান, মুহীউদ্দিন আহম্মদ, মুহাম্মদ রুহুল কুদ্দুস, মো. লুৎফুর রহমান বীনু, বজলুল করিম, মো. আবদুর রহিম, গোলাপ মুনীর ও হামিদুজ্জামান রবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত