ক্লিনফিড চালু ইস্যু

কেবল অপারেটরদের সময় দেওয়া হবে না : তথ্যমন্ত্রী

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:২৭ এএম

বিদেশি চ্যানেলের ক্লিনফিড বা বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার চালুর জন্য কেবল অপারেটরদের কোনো রকম সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘কেবল অপারেটররা সময় চাইলেও এর পক্ষপাতী নয় সরকার। যারা বিদেশি চ্যানেল ক্লিনফিড দিয়ে চালাচ্ছে তাদেরগুলো এখন চলবে। যাদের ক্লিনফিড নেই তাদেরগুলো চলবে না।’

গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে এক সংলাপে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘ক্লিনফিডের এই সিদ্ধান্ত দেশের স্বার্থে। তাই কোনোভাবেই ব্যত্যয় ঘটবে না। কারণ ক্লিনফিডসহ চালানোর জন্য কেবল অপারেটরদের অনেক সময় দেওয়া হয়েছে। ক্লিনফিড নিয়ে চ্যানেল সম্প্রচার না হলে চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। এ বিষয়টি ভারত সরকার আগে থেকেই জানে। অন্যান্য দেশের উদাহরণ দিয়ে জানানো হয়েছে, ক্লিনফিড দিয়ে না চালালে তাদের চ্যানেল বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তাই এটা নিয়ে তাদের কোনো সমস্যা নেই।

সমাজ গড়তে গণমাধ্যমের গুরুত্বের পাশাপাশি কেবল অপারেটিং প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আগে টেলিভিশনের পরিচালনা কর্র্তৃপক্ষকে দেখা যেত কেবল অপারেটরদের কাছে নানা ধরনের দেনদরবার করতে, দ্বারে দ্বারে ঘুরতে যে, আমার সিরিয়ালটা একটু ওপরের দিকে দেন। আর কেবল অপারেটররা কারওটা ওপরে তুলত, কারওটা নামাত। এই তোলা, নামানোর পেছনে নানা ধরনের কাহিনী যুক্ত হতো। দায়িত্ব নেওয়ার পর শক্ত হাতে সবার সঙ্গে আলোচনা করে আমরা টেলিভিশনের ক্রম ঠিক করে দিয়েছি। এখন সারা দেশে সে অনুযায়ী অর্থাৎ যে টেলিভিশন যখন থেকে সম্প্রচার শুরু হয়েছে সে অনুযায়ী তারা তালিকায় স্থান পেয়েছে। যারা আগে সম্প্রচার শুরু করেছে তাদের স্থান ওপরের দিকে থাকবে।’

বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে সংলাপে আরও বক্তব্য রাখেন, প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, সংগঠনটির সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।

এর আগে রাজধানীর বনানী পূজামন্ডপে শুভ মহালয়া উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘সম্প্রীতির বন্ধনেই দেশ পৌঁছবে স্বপ্নের ঠিকানায়। সবার মিলিত রক্ত স্রোতের বিনিময়ে যেমন দেশ রচিত হয়েছে, তেমনি সকল সম্প্রদায়ের সম্প্রীতির বন্ধনেই দেশ স্বপ্নের ঠিকানায় পৌঁছে যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত