বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

আপডেট : ০৭ অক্টোবর ২০২১, ০১:৪০ এএম

রংপুরের সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আরিফুজ্জামান আরিফ নামে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়। এর আগে রাত ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। আরিফ রংপুর সদর থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয়রা জানায়, চিকিৎসার উদ্দেশ্যে স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে স্থানীয় পাগলাপীর এলাকা থেকে রংপুর শহরে যাচ্ছিলেন এএসআই আরিফ। এ সময় হাজিরহাটের কোল্ড স্টোরেজের সামনের রাস্তায় একটি গর্তে পানি দেখে মোটরসাইকেল থামান তিনি। কিন্তু একটি ট্রাক ও একটি যাত্রীবাহী বাস মুখোমুখি হওয়ার পর বাসের পেছনের অংশ ঘুরে গিয়ে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আহত হন সবাই। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।

রংপুর সদর কোতোয়ালি থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে গত মঙ্গলবার থেকে গতকাল বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ, পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক ও টাঙ্গাইলে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :

গাজীপুর : সদর থানা এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বেলা ৩টার দিকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৫৫-৬০ বছর হবে। গাজীপুর মহানগরীর সদর থানার এসআই তুহিন আহমেদ জানান, এ ঘটনায় মোটরসাইকেলচালককে আটক করা হয়েছে।

পাবনা : ঈশ্বরদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শফিকুল ইসলাম মন্ডল (৪৪) নামে মোটরসাইকেলচালক এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার দাশুড়িয়া-লালন শাহ সেতু মহাসড়কের পাকশীর দিয়াড় বাঘইল ক্লাব মোড়ে এ দুর্ঘটনা ঘটে। শফিকুল উপজেলার খয়েরবাড়িয়া গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন তিনি। পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্জ খন্দকার শফিকুল জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

টাঙ্গাইল : কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে লাল চাঁন (৩৮) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ সময় একটি ট্রাকে থাকা ২৫টি ছাগলও মারা যায়। গত মঙ্গলবার ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাল চাঁন নওগাঁর সদর উপজেলার চকরাম চন্দ্র গ্রামের প্রয়াত জসিম উদ্দিনের ছেলে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত