বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, আধিপত্যবাদের তাবেদারি করে পুতুল সরকারে পরিণত হয়েছে ক্ষমতাসীনরা। নতজানু পররাষ্ট্রনীতির কারণে আবরার ফাহাদদের হত্যা করা হয়েছে।
দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে ঐক্যের মধ্যে দিয়ে গণ-আন্দোলনের আহ্বানও জানান তিনি।
আরও বলেন, রাজনৈতিক, পেশাজীবীসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে বৃহস্পতিবার দুপুরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি সমর্থক ইঞ্জিনিয়ারদের সংগঠন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত এক স্মরণসভায় এ সব বলেন তিনি।
আবরার হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আবরার হত্যা এই দেশের সামগ্রিক যে সংকট, সেই সংকটের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।
ফখরুল বলেন, একটি কথা আমি প্রায়ই বলি, পরিবর্তন আসে সব সময় তরুণ এবং যুবকদের মাধ্যমে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, বাংলাদেশের তরুণ-যুবকদের আমরা সামনে দেখতে পাচ্ছি না। আমাদের দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যারা সেদিন সোচ্চার হয়েছিল, দুর্ভাগ্যজনকভাবে আজকে তাদের কোনো কর্মসূচি আমি অন্তত দেখতে পাইনি।
তিনি বলেন, বহু আবরার হত্যা হয়েছে। আমাদের ৫ শতাধিক দেশপ্রেমিক নেতা-কর্মীকে গুম করে ফেলা হয়েছে। সহস্রাধিক নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। এটার কোনোটাই বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা সুদূর প্রসারী একটি আধিপত্যবাদী চক্রান্ত। আমরা দেখেছি, এই সরকার আধিপত্যবাদের তাঁবেদারি করছে। একটি পুতুল সরকারে পরিণত হয়েছে।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, সরকার সুকৌশলে গণতন্ত্রের কথা বলে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে বাকশাল প্রতিষ্ঠিত করতে চায়। আওয়ামী লীগকে অবশ্যই সরে গিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
