আর তত্ত্বাবধায়ক সরকার হবে না : তথ্যমন্ত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০২:০২ এএম

বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনের সময় নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকারের অধীনে নির্বাচন হয় না। সব দেশে তাই হয়, আমাদের দেশেও তাই হবে।’

গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের প্রতিনিধিরা বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে এলে তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালি কলসির মতোই জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে। প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, কোন দুঃখে বিএনপিকে মানুষ ভোট দেবে! আবার কি পেট্রল বোমা মারার জন্য, পাঁচশ জায়গায় আবার একসঙ্গে বোমা বিস্ফোরণের জন্য, আদালতে বোমা বিস্ফোরণের জন্য এবং বঙ্গবন্ধু এভিনিউয়ে যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল সে ধরনের হামলা হওয়ার জন্য, কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারের মতো সংসদ সদস্যরা মৃত্যুবরণ করার জন্য, বাংলা ভাই, শায়েখ আবদুর রহমানের উৎপত্তি হওয়ার জন্য।’

বিএনপি মহাসচিবের মন্তব্য ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে জনগণকে ধোঁকা দেওয়া হচ্ছে’ এর জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা বিভিন্ন সময় যদি এ ধরনের কথাবার্তা না বলেন, তাদের যে বুদ্ধি আছে এটা তো জনগণ জানবে না। এজন্যই তারা কথাগুলো বলেন। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত গত নির্বাচন কমিশনে বিএনপির ঘোরতর সমর্থকও একজন সেখানে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে, নির্বাচন কমিশনের দিকে তাকালেই সেটি বোঝা যায়। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে।’

ড. হাছান মাহমুদ বলেন, সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যা নির্ধারণে ত্রুটি পরিহার করে ঠিক সংখ্যা নির্ধারণের জন্য সাংবাদিক সম্পাদক নাঈমুল ইসলাম খানের প্রস্তাবসহ সার্বিকভাবে গণমাধ্যমের ক্ষেত্রে শৃঙ্খলা আনার বিষয়ে সম্পাদক ফোরাম প্রতিনিধিদের আগ্রহকে সাধুবাদ জানাই। ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে নিয়মনীতি প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্যসচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, আজিজুল ইসলাম ভূঁইয়া, নাঈমুল ইসলাম খান প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত