বিয়েবাড়ির খাবারে দই টক কনের বাবাকে পিটিয়ে হত্যা

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ০২:৩৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিয়েবাড়িতে বরযাত্রীদের পরিবেশন করা দই টক হওয়ায় কনের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বরপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত বুধবার রাতে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনের বাবা ইকবাল হোসেনের (৫০) মৃত্যু হয়। তিনি কসবার গোপীনাথপুর ইউনিয়নের গণকমুড়া গ্রামের প্রয়াত আবদুল গফুরের ছেলে।

জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে ইকবাল হোসেনের মেয়ে কারিমার সঙ্গে পার্শ্ববর্তী বিষ্ণাউড়ি গ্রামের দুলাল মিয়ার ছেলে পারভেজ মিয়ার বিয়ের দিন নির্ধারিত ছিল। বরযাত্রীরা আসতে দেরি হওয়ায় তাদের খাবার আলাদা করে রাখা হয়। পরে বরযাত্রীরা আসার পর তাদের খাবার ও দই পরিবেশন করা হলে দুজন বরযাত্রী দই টক হয়ে গেছে বলে অভিযোগ করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত বয়োজ্যেষ্ঠরা বিষয়টি মীমাংসা করে দেন। এরপর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিহতের স্বজনদের অভিযোগ, গত বুধবার রাত ১০টার দিকে গ্রামের বাজারে চা খেতে গেলে কনের বাবা ইকবাল হোসেনকে বরপক্ষের কয়েকজন যুবক দই টক হওয়া নিয়ে আবারও কটু কথা বলে। এ নিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে ওই যুবকরা ইকবাল হোসেনকে মারধর করে। এতে অসুস্থ হয়ে পড়লে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে কসবা থানার ওসি আলমগীর ভূঁইয়া গতকাল বৃহস্পতিবার বিকেলে দেশ রূপান্তরকে বলেন, ‘বিয়ের খাবার নিয়ে বরপক্ষের মারধরে কনের বাবার মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। তবে এ বিষয়ে থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। মামলার প্রস্তুতি চলছে বলে শুনেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত