দৌলতদিয়া ঘাটে চার দিন ধরে যানবাহনের দীর্ঘ সারি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১০:৩৬ পিএম

দৌলতদিয়া ঘাটে টানা চার দিন ধরে পণ্য ও যাত্রীবাহী যানবাহন আটকে আছে। পারাপারে ব্যাহত হওয়া ও ঘাটে আটকা পড়ায় ব্যাপক ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ঘাটে যাত্রীবাহী যানবাহন নদী পারাপারের জন্য অপেক্ষা করছে। পচনশীল পণ্যবাহী ট্রাক বাদে অন্য পণ্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষা করতে হচ্ছে। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাসগুলো পারাপার হওয়ার কারণে ঘাট এলাকায়  বাসের সিরিয়াল তেমন না থাকলেও বাংলাদেশ হ্যাচারির সামনে থেকে ঘাটমুখী লেনে যাত্রীবাহী বাস যেতে না পারায় সেখান থেকে বাংলাদেশ ফিডমিল পর্যন্ত বাসের লম্বা লাইন সৃষ্টি হয়। গতকাল দুপুর ১২টা পর্যন্ত সর্বশেষ ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারি পর্যন্ত যানবাহন অবস্থান করছিল।

এর আগে গত তিন দিন দৌলতদিয়া ঘাট এলাকার জিরো পয়েন্ট হতে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় ৩.৫ কিলোমিটার এলাকায় যানবাহনের দীর্ঘ সারি ছিল। বিকেলে চাপ কমে গেলেও সন্ধ্যার পর সেই চাপ আরও বৃদ্ধি পায়।

বেনাপোল থেকে ছেড়ে আসা মেঘনা ঘাটগামী ট্রাকচালক ইসমত আলী দেশ রূপান্তরকে বলেন, দেড় দিন যাবত ঘাট পারাপারের জন্য অপেক্ষা করছি, গতকাল গোয়ালন্দ মোরে ঘাটের সিরিয়ালের জন্য আটকে থাকার পর আজ (গতকাল) বেলা ১১টায়  এসেছি (দৌলতদিয়া মডেল হাইস্কুল) এখান থেকেও ঘাট আরও দেড় কিলোমিটার হবে। আর কতক্ষণ লাগে কে যানে। আরও সমস্যা হচ্ছে আশেপাশে ভালো খাবারের হোটেল, বাথরুম নেই।

খুলনা থেকে ছেড়ে আসা ট্রাকচালক সানি শেখ দেশ রূপান্তরকে বলেন, এই সব বলে আর কী হবে। ঘাটের পরিস্থিতি কখনো ঠিক হবে না। পরশু থেকে ঘাট পারাপারের চেষ্টা করছি আজ (গতকাল) সকালে মোড় থেকে এখানে এসেছি (নুরু মন্ডলপাড়া)  কখন পার হব তার কোনো ঠিক নেই।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কার্যালয় (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের আজকে ফেরি চলাচল করছে ১৯টি, আর আমাদের ঘাট চালু আছে ৪টি, আমরা চেষ্টা করছি এই দীর্ঘ সারি ঘাট এলাকায় যেন না থাকে।’ তবে তিনি এই দীর্ঘ সারি স্বাভাবিক বলেই মনে করছেন। তিনি আরও বলেন, পচনশীল পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। সে ক্ষেত্রে অন্যান্য পণ্যবাহী ট্রাকের সারি সৃষ্টি হচ্ছে, যা স্বাভাবিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত