বিশ্বকাপ বাছাই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও জয় পেয়েছে ব্রাজিল। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে কারাকাসে ব্রাজিল ৩-১ গোলে হারিয়েছে ভেনেজুয়েলাকে। বিশ্বকাপ বাছাইয়ে ৯ ম্যাচের সবগুলো জিতে শীর্ষেই রইল সেলেকাওরা। হলুদ কার্ডের নিষেধাজ্ঞার কারণে এ ম্যাচে ছিলেন না নেইমার। জয়ের পর ব্রাজিল ডিফেন্ডার মার্কিনহোস বলেছেন, ম্যাচটা কঠিন ছিল।
এর আগে বিশ্বকাপ বাছাইয়ে ১৭ দেখায় ব্রাজিলকে হারাতে পারেনি ভেনেজুয়েলা। নিজেদের মাঠে ভেনেজুয়েলা ম্যাচের ১১ মিনিটেই এগিয়ে যায়। গোল করেন এরিক রামিরেজ। প্রথমার্ধে ৬৬ শতাংশ সময় বল দখলে রাখা ব্রাজিলের চার শটের একটিও ছিল না লক্ষ্যে। ভেনেজুয়েলার চার শটের তিনটি ছিল লক্ষ্যে। ফলে প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫৭ মিনিটে রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে পাঠান থিয়াগো সিলভা। অভিজ্ঞ এই ডিফেন্ডারই অফসাইডে থাকায় মেলেনি গোল। ৭০ মিনিট পর্যন্ত গোলের লিড ধরে রেখেছিল ভেনেজুয়েলা। ৭১ মিনিটে সমতা আনেন মার্কিনহোস। রাফিনহার কর্নার থেকে হেডে গোল করেন। ৮৫ মিনিটে সফল স্পট কিকে ব্রাজিলকে এগিয়ে নেন গ্যাব্রিয়েল বারবোসা। অস্কার গনজালেস বারবোসাকেই ফাউল করায় পেনাল্টি পেয়েছিল ব্রাজিল। ম্যাচের ছয় মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন অ্যান্থনি।
স্কোরলাইনে ব্রাজিলের জয়টা সহজ মনে হলেও তেমনটা ছিল না, ম্যাচ শেষে জানালেন মার্কিনহোস। ‘খুব কঠিন ম্যাচ ছিল। আমরা যে ধরনের ফুটবল খেলি, শুরুটা হয়েছিল তার চেয়ে অনেক নিচু মানের। এই ফল (জয়) পাওয়াটা সহজ ছিল না। দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স ও ফলাফলকে এই ম্যাচ থেকে ইতিবাচক হিসেবে নিতে পারি আমরা।’
৯ ম্যাচের সবগুলো জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করেছে ব্রাজিল। তাতে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সবার আগে কাতার বিশ্বকাপ নিশ্চিত করার আরও কাছে পৌঁছে গেছে তিতের দল। ব্রাজিল ও আর্জেন্টিনার স্থগিত ম্যাচের ফল কী হবে তা এখনো জানায়নি ফিফা। একই দিনে ইকুয়েডর ৩-০ গোলে হারিয়েছে বলিভিয়াকে। পেরু ২-০ গোলে হারায় চিলিকে। এছাড়া উরুগুয়ে ও কলম্বিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
