অনেক প্রস্তাব পেলেও রাজি হইনি

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ১২:১৯ এএম

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন এখন অভিনয়ে অনিয়মিত। তবে ভালো গল্প পেলে কাজ করেন। সম্প্রতি একটি নাটক করেছেন। উপস্থাপনা করছেন নিয়মিত। সমসাময়িক বিষয়ে কথা বলেছেন তিনি

অনিয়মিত...

আসলে অভিনয়ে আমি অনিয়মিত, এ কথা ঠিক না। বলতে পারেন, কম অভিনয় করি। তার অবশ্য বেশ কিছু কারণ আছে। প্রথম, এখন যে ধরনের নাটকের প্রস্তাব আসে তার বেশির ভাগের গল্পই পছন্দ হয় না। যে ধরনের গল্প ও চরিত্র করে ফেলেছি তা বারবার করতে ইচ্ছে করে না। তা ছাড়া আমি ধারাবাহিক নাটক করছি না। খণ্ডনাটকের কাজ মাসের ত্রিশ দিন করা সম্ভব নয়। বাকি কারণগুলো ব্যক্তিগত। নিজের জন্য একটু সময় রাখতে পছন্দ করি। পরিবার, সন্তানকে সময় দিতে ভালোবাসি। সব মিলিয়ে আগের মতো বেশি কাজ করা হয় না। তবে যখনই কোনো ভালো গল্প পাই আমি সেটি আগ্রহের সঙ্গে করি। গত ঈদুল আজহা থেকে বিরতি ভেঙে নিয়মিতই নাটকে অভিনয় করছি।

নতুন নাটক...

সম্প্রতি ‘চোর পুলিশ’ নামে একটি নাটকের শ্যুটিং করেছি। পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। রাজধানীর পূর্বাচলের একটি শ্যুটিং স্পটে কাজ হয়েছে। আমার বিপরীতে ছিলেন মুশফিক ফারহান। গতানুগতিক গল্পের নাটকে আমি কখনোই অভিনয় করি না। এ নাটকটির গল্পও বেশ আকর্ষণীয়। জরুরি একটি কাজে যাওয়ার জন্য বাসা থেকে এক দিন বের হই। রাস্তায় যানবাহন না পেয়ে অপেক্ষা করতে থাকি। হঠাৎ একটি প্রাইভেট কার এসে দাঁড়ায় আমার পাশে। গাড়ির ড্রাইভিং সিটে বসা অভিনেতা মুশফিক ফারহান। পরিচিত হওয়ায় আমি তাকে সমস্যার কথা খুলে বলি। তিনি আমাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু কিছুদূর যাওয়ার পরই ঘটতে থাকে উল্টো ঘটনা। আমাকে পড়তে হয় মহাবিড়ম্বনায়! ফারহানের সঙ্গে গাড়িতে ওঠা ঠিক হয়নি, এমনটাই মনে হতে থাকে। নেমে যাব কি না, সেটাও ভাবি। এভাবে ফারহানের সঙ্গে সেই গাড়িতেই ঘটতে থাকে নানা ঘটনা। শ্যুটিংয়ের সময় গল্পের মধ্যে বেশ ডুবে গিয়েছিলাম। নাটকটি নিয়ে আমি আশাবাদী। আমার বিশ্বাস দর্শক নাটকটি মনোযোগ দিয়ে উপভোগ করবেন। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

উপস্থাপনা...

মডেলিং আর অভিনয় দিয়ে ক্যারিয়ারে বেশ লম্বা সময়ই পার করে দিয়েছি। কিন্তু উপস্থাপনা নিয়ে সব সময় এক ধরনের জড়তা কাজ করত। তাই আগে অনেক প্রস্তাব পেলেও রাজি হইনি। এবার বাংলাভিশনের জনপ্রিয় সেলিব্রিটি শো ‘আমার আমি’ উপস্থাপনার প্রস্তাব পাওয়ার পরও প্রথমে রাজি হইনি। কিন্তু অনুষ্ঠান-সংশ্লিষ্টরা আমাকে বিষয়টি বুঝিয়ে বলার পর সাহস পাই। আমারও মনে হয়, অনেক দিন ভক্তদের থেকে দূরে ছিলাম। একটি সাপ্তাহিক অনুষ্ঠান নিয়ে টিভি পর্দায় হাজির হলে সেই দূরত্ব কিছুটা হলেও কমবে। এরপর কাজ করতে গিয়ে কনফিডেন্স পাই। আমি নিজের স্বকীয়তা বজায় রেখেই উপস্থাপনা করছি। উপস্থিত তারকা অতিথির সঙ্গে গল্প-আড্ডার মধ্যেই সময় কেটে যায়। খুব একটা বেগ পেতে হয় না এখন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত