মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেলেন স্বামী আসিফ ইকবাল টিটু (৩৮)। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামপুর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে। তিনি উপজেলার তালেবপুর ইউনিয়নের ইরতা গ্রামের হাজী আ. করিমের বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয়রা জানান, ধলেশ্বরী নদীতে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে আসিফ ইকবাল টিটুর স্ত্রী শাম্মী আক্তার টুনি (৩১) উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলামনগর সেতুর নিচে ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন। এ সময় টিটু নদীর তীরে বড়শি দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তার স্ত্রী পানিতে ডুবে যাচ্ছে দেখে টিটু তাকে উদ্ধার করতে পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে স্ত্রী উদ্ধার হলেও স্বামী পানিতে ডুবে নিখোঁজ হন। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে পারেননি। একপর্যায়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও সিংগাইর থানা পুলিশের সহায়তায় প্রায় ২ ঘণ্টা খোঁজাখুঁজি করে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
