মডার্নার টিকায় বিরল পার্শ্বপ্রতিক্রিয়া, ফিনল্যান্ড এবং আইসল্যান্ডেও বন্ধ

আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০৩:২২ পিএম

সুইডেন, ডেনমার্কের এবং নরওয়ের পর ফিনল্যান্ডও অল্প বয়সীদের জন্য মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিনের ব্যবহার স্থগিত করেছে। অন্যদেরও মডার্নার টিকা নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

এর আগে গত বুধবার মায়োকার্ডাইটিস এবং পেরিকার্ডাইটিস এর মতো বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে অল্প বয়সীদেরকে মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছে সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ে।

এই বিরল পার্শ্বপ্রতিক্রিয়ার যার ফলে হার্টে প্রদাহ সৃষ্টি হয় বা এর শিরা-উপশিরাগুলোতে রক্ত চলাচলে বাধা তৈরি হয়। যা থেকে হার্টঅ্যাটাকও হতে পারে।

ফিনিশ ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার বৃহস্পতিবার বলেছে যে, কর্তৃপক্ষ ৩০ বছরের কম বয়সী পুরুষদের মডার্না শট দেবে না। তার পরিবর্তে ফাইজার-বায়োএনটেক এর ভ্যাকসিন দেওয়া হবে তাদের।

ফিনল্যান্ডের এই পদক্ষেপ বুধবার প্রতিবেশী তিনটি দেশের একই সিদ্ধান্তের অনুসরণ করে এসেছে। তবে আইসল্যান্ড মডার্নার টিকা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে। শুক্রবার মডার্নার কোভিড-১৯ ভ্যাকসিন স্থগিত কর আইসল্যান্ড। দেশটি তার নর্ডিক প্রতিবেশীদের চেয়ে আরও একধাপ এগিয়ে গিয়ে সবার জন্যই মডার্নার টিকা নেওয়া বন্ধ করেছে।

দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘যেহেতু ফাইজার ভ্যাকসিনের সরবরাহ যথেষ্ট আছে ... প্রধান মহামারী বিশেষজ্ঞ আইসল্যান্ডে মডার্না ভ্যাকসিন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন’।

 

সুইডেন ৩০ বছরের কম বয়সীদের জন্য মডার্নার টিকার ব্যবহার স্থগিত করেছে। ডেনমার্ক জানিয়েছে, ১৮ বছরের কম বয়সীদের সুইজারল্যান্ডের তৈরি ভ্যাকসিন দেওয়া হবে না এবং নরওয়ে ৩০ বছরের কম বয়সীদেরকে ফাইজারের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছে।

চারটি দেশই সুইডেনের জনস্বাস্থ্য সংস্থার একটি অপ্রকাশিত গবেষণার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে। ওই গবেষণায় বলা হয়েছে যে, এটি ‘হৃদপিণ্ডের পেশীর প্রদাহ বা পেরিকার্ডিয়ামের মতো পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি বাড়ায়’, পেরিকার্ডিয়াম হল হৃদপিণ্ড এবং রক্ত চলাচলের প্রধান শিরাগুলোর মূল আধার যা দ্বি-প্রাচীরযুক্ত একটি থলির মতো।

তারা বলছেন যে, চারটি নর্ডিক দেশ থেকে সংগৃহীত তথ্য থেকে দেখা যায় যে, মডার্নার টিকা দেওয়ার ফলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যেতে পারে, যদিও হার্টের প্রদাহ হওয়ার মতো ঘটনা খুব কমই ঘটেছে।

এই গবেষণার প্রাথমিক তথ্য মূল্যায়নের জন্য ইউরোপীয় মেডিসিন এজেন্সির বিরুপ প্রতিক্রিয়া কমিটিতে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত