স্ট্যান্ড-বাই ক্রিকেটার হিসেবে বাংলাদেশের বিশ্বকাপ দলের সঙ্গে ওমান গিয়েছিলেন রুবেল হোসেন। অভিজ্ঞ এই পেসারকে শেষ মুহূর্তে মূল স্কোয়াডেই অন্তর্ভুক্ত করা হয়েছে।
শনিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিবৃতিতে সংস্থাটি লিখেছে, ‘বিসিবির নির্বাচক প্যানেল শনিবার রুবেল হোসেনকে বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। রুবেল ওমানের ট্রেনিং ক্যাম্পে বিশ্বকাপ স্কোয়াডের সঙ্গে স্ট্যান্ড-বাই হিসেবে ছিল। এখন সে স্কোয়াডে অতিরিক্ত সদস্য হিসেবে থাকবে।’
অর্থাৎ ১৫ সদস্যের বাংলাদেশ স্কোয়াড ঠিকই থাকছে। রুবেল থাকছেন ‘অতিরিক্ত সদস্য’ হিসেবে।
৩১ বছর বয়সী রুবেল এখন পর্যন্ত ২৭টি টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮ টি-টোয়েন্টি খেলেছেন।
ওমানে প্রস্তুতি ক্যাম্প সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে রবিবার ওমান থেকে সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। মঙ্গলবার শ্রীলঙ্কা এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ টাইগারদের।
১৫ অক্টোবর ফের ওমান ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
