গতকাল শনিবার রাতে বাংলাদেশের বিশ্বকাপ দলে রুবেল হোসেনকে যোগ করার বিজ্ঞপ্তি দেয় বিসিবি। ঘণ্টাখানেক পর তাকে এডিশনাল হিসেবে রাখার বিষয়টি নিশ্চিত করে। মানে রুবেল আগের মতো রিজার্ভই আছেন তবে শব্দ বদলে হয়েছেন এডিশনাল। মূল দলের কেউ ইনজুরিতে পড়লে সুযোগ হবে তার। অপর রিজার্ভ আমিনুল ইসলাম বিপ্লব দেশে ফিরে আসছেন আজই। বিশ্বকাপে এডিশনালসহ মোট ১৬ জনকে রাখছে বাংলাদেশ। এদিকে গতকাল বিশ্রামের ফাঁকে বিসিবির পাঠানো ভিডিও বার্তায় ওমানের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার কথা জানান মোহাম্মদ সাইফউদ্দিন। শীতকালে বিপিএলে যেমন রাতের দিকে শিশিরে কিছুটা ভিজে থাকা বলে বল করতে হয় ঠিক তেমন পরিস্থিতিতে পড়েছেন ওমানে। সাইফ জানালেন, ওই পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনের পথচলার জন্য তৈরি হচ্ছেন বোলাররা।
