ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটি খুবই কাজে দেবে: সাইফউদ্দিন

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:০৪ এএম

বিশ্বকাপের আগে ওমানে তিন দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে শুক্রবার দেশটির ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যে ম্যাচটির অভিজ্ঞতা মূল টুর্নামেন্টে বেশ কাজে দেবে বলে মনে করছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

শনিবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সাইফউদ্দিন বলেন, ‘এই ম্যাচটা আমাদের জন্য খুবই উপকার হয়েছে। কারণ বাছাইপর্বে আমাদের প্রথম দুটি ম্যাচই ‘‘নাইট ম্যাচ’’। আমরা এখানকার অভিজ্ঞা নিয়ে প্রস্তুতিতে কাজে লাগাতে পারব।’

ওমান ‘এ’ দলের বিপক্ষে ম্যাচটিতে ৬০ রানের বড় জয় পায় বাংলাদেশ। ব্যাটারদের বেশ ভালো প্রস্তুতি হয়েছে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তুলে ফেলে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফটি করেন দুই ওপেনার লিটন দাস ও মোহাম্মদ নাঈম। শেষ দিকে ঝোড়ো ইনিংস খেলেন নুরুল হাসান সোহান। শামীম হোসেনও ছোট্ট ঝোড়ো ইনিংস খেলেন।

পরে রাতের শিশিরে বোলিং করার চ্যালেঞ্জ মোটামুটি সামলে নেন বাংলাদেশের বোলাররা। বাঁহাতি পেসার শরিফুল ৪ ওভারে ৩০ রানে নেন ৩ উইকেট। ৪ ওভারে ১৭ রান খরচায় ২ উইকেট পান সাইফউদ্দিন।

‘দ্বিতীয় ইনিংসে পাঁচ-ছয় ওভার পর মাঠ অনেক ভেজা ছিল। যেটা আমরা চট্টগ্রামে বিপিএলে খেলার সময় পেতাম। এমনটা আশা করিনি। তবুও মানিয়ে নিয়েছি। যেহেতু এর আগে চট্টগ্রামে বিপিএল খেলেছি, শিশিরের মধ্যে সেখানে শেষ দিকে তিন-চার ওভারে বোলিং করেছি। সেই অভিজ্ঞতা এখানে শেষ দুই ওভারে কাজে লাগিয়েছি।’- বলেন সাইফউদ্দিন।

যোগ করেন, ‘যেহেতু প্রথমবারের মতো ওমান এসেছি, কন্ডিশন কিছুটা অচেনা ছিল। তিন-চার দিন অনুশীলন করে কিছুটা মানিয়ে নিতে পেরেছি। যদিও আমরা দিনের বেলায় অনুশীলন করেছি, রাতে অনুশীলনের সুযোগ ছিল না।’

ওমানে প্রস্তুতি ক্যাম্প ও প্রস্তুতি ম্যাচ শেষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে রবিবার সংযুক্ত আরব আমিরাত যাবে বাংলাদেশ দল। মঙ্গলবার শ্রীলঙ্কা এবং বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ টাইগারদের।

১৫ অক্টোবর ফের ওমান ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। একদিন পর ওমানের বিপক্ষে ম্যাচ। দুটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি।

আরো পড়ুন

‘অতিরিক্ত সদস্য’ হিসেবে বিশ্বকাপ দলে রুবেল

বিশ্বকাপের মূল পর্বেও রান উৎসবের আশা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত