ছয় ছাত্রের চুল কর্তন

মাদ্রাসাশিক্ষক মঞ্জুরুল কবির কারাগারে

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০১:১২ এএম

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের হামছাদী কাজির দীঘিরপাড় আলিম মাদ্রাসার ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক ছাত্রের মা বাদী হয়ে মাদ্রাসার সহকারী শিক্ষক মঞ্জুরুল কবির মঞ্জুর বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন।

পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মঞ্জুরুল কবিরকে আটক করেছিল পুলিশ।

রায়পুর থানার ওসি আবদুল জলিল জানান, শিক্ষার্থীদের চুল কেটে দেওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর শিক্ষক মঞ্জুরুলকে আটক করা হয়। আজ (গতকাল) এক ছাত্রের মায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদ্রাসার অধ্যক্ষ ও পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বালাগাত উল্লাহ জানান, শিক্ষক মঞ্জুরুল কবিরের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত শুক্রবার ছয় ছাত্রের চুল কাটার একটি ভিডিও ক্লিপ ফেইসবুকে ছড়িয়ে পড়ে। মাদ্রাসার শিক্ষার্থীরা জানায়, গত বুধবার তাদের ইংরেজি ক্লাস চলছিল। হঠাৎ শিক্ষক মঞ্জুরুল কবির শ্রেণিকক্ষে ঢুকে পাঠদান বন্ধ করে দেন। এরপর কাঁচি দিয়ে ছয় ছাত্রের মাথার চুল কেটে দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত