শেরপুরে মা-মেয়েকে দল বেঁধে রাতভর ধর্ষণ, গ্রেপ্তার ২

আপডেট : ১০ অক্টোবর ২০২১, ০৬:২১ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে মা-মেয়েকে দল‌ বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে নালিতাবাড়ী থানা-পুলিশ।

৯ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত কয়েক দিন আগে শেরপুর সদর উপজেলার বারঘরিয়া গ্রামের এক গৃহবধূ ও তার কিশোরী (১৬) কন্যাকে সঙ্গে নিয়ে নালিতাবাড়ী উপজেলায় বাবার বাড়ি বেড়াতে আসেন। এরপর শনিবার বেলা ১১টার দিকে তারা অটো বাইকে করে শেরপুর যাওয়ার উদ্দেশ্যে বের হন। এ সময় ওই গৃহবধূর দুই প্রতিবেশী মা-মেয়েকে সঙ্গে নিয়ে সারা দিন নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করে। পরে রাতে পুনরায় পলাশিকুড়া গ্রামে নিয়ে যায়।

তারা আরও জানান, এরপরে তাদের কৌশলে ঢাকায় বসবাসকারী জনৈক ওসমানের নির্মাণাধীন জনশূন্য বাড়িতে নিয়ে স্থানীয় ৭ ব্যক্তি মিলে তাদের পৃথক স্থানে নিয়ে রাতভর পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়।

সকালে ধর্ষণের শিকার মা-মেয়ে বাড়ি ফিরে ঘটনা প্রকাশ করলে স্বজনেরা ৯৯৯ নাইনে কল করেন। পরে নালিতাবাড়ী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধর্ষণে অভিযুক্ত সাত্তার (৪৫) এবং অভিযুক্ত সাদেক আলীকে (৩০) আটক করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, এ ঘটনায় ধর্ষণের স্বীকার গৃহবধূ বাদী হয়ে নালিতাবাড়ী থানায় জড়িত সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অভিযোগ পেয়ে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারা থানা হেফাজতে রয়েছে।

অন্যদের আটকের চেষ্টা চলছে। ভুক্তভোগী মা-মেয়েকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত