রাজধানীর অদূরে দোহার-নবাবগঞ্জ উপজেলা। এ এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই দাবি ছিল ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেটের। কেননা ছোটখাটো কাজের জন্য পড়তে হতো নানা ঝক্কিঝামেলায়। যার জন্য এলাকার বাসিন্দাদের ঢাকায় আসতে হতো। কিন্তু এখন সেই সমাস্যার সমাধান হতে যাচ্ছে। এবার ঢাকা জেলার নবাবগঞ্জে ১৩০ কোটি টাকা ব্যয়ে হাই টেক পার্ক ও ৭৮ কোটি টাকা ব্যয়ে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। পাশাপাশি নবাবগঞ্জ ও দোহার উপজেলার ২২টি ইউনিয়নকে ব্রডব্যান্ড ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। এতে করে ডিজিটাল উপজেলা হবে দোহার-নবাবগঞ্জ। গত শনিবার কর্মীদের সঙ্গে নিয়ে এসব প্রকল্প এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান ফজলুর রহমান। এসময় তার সঙ্গে ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।
সরেজমিন এই এলাকাগুলোতে ঘুরে ও হাই-টেক পার্কসংশ্লিষ্টদের থেকে জানা যায়, ‘প্রায় চার একর জায়গা নিয়ে নির্মাণ করা হবে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার। ইতিমধ্যেই ভূমি অধিগ্রহণ থেকে শুরু করে বেশিরভাগ কাজই শেষ হয়েছে। দেশে আরও ১১টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গড়ে তুলতে যাচ্ছে সরকার। সে ধারাবাহিকতায় এ এলাকায় নির্মিত হতে যাচ্ছে এ পার্ক। এর মাধ্যমে বিপুলসংখ্যক তরুণ বেকারকে দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
এদিকে গত শনিবার নবাবগঞ্জ উপজেলার ওয়াসেফ মিলনায়তনে নবাবগঞ্জ ও দোহার উপজেলার আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা ও একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ২২টি ইউনিয়নে কানেক্টিভিটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
