বিএনপি নিজেদের দলে ‘গণতন্ত্র গুম করে’ বাইরে গণতন্ত্র খুঁজে বেড়ায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপিই গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে, তারাই গণতন্ত্রের পথে না হেঁটে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে পথ খুঁজছে।’ গতকাল রবিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।
‘গণতন্ত্র নিরুদ্দেশ করা হয়েছে’, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের এ ধরনের অভিযোগ উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর মতো। বিএনপিই জনরায়কে অশ্রদ্ধা দেখিয়ে নির্বাচন থেকে দূরে থাকছে, আর বলছে, গণতন্ত্র নিরুদ্দেশ।’ তাদের হঠকারিতা এবং নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের যে অপরাজনীতি তাতে কোনো ফল অতীতে আসেনি, ভবিষ্যতেও আসবে বলে জনগণ মনে করে না।
তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক মূল্যবোধ ও রীতিনীতি ভূলণ্ঠিত করেছে বিএনপি, ক্ষমতায় থাকাকালে এমনকি বিরোধীশিবিরে থেকেও তারা স্বৈরাচারী। বিএনপি জানে নির্বাচন ছাড়া ক্ষমতার হাতবদলের অন্য কোনো বিকল্প নেই, তাই তারা মুখে যত কথাই বলুক, নির্বাচনে তারা আসবে। দলের ক্ষয়িষ্ণু অস্তিত্ব রক্ষা এবং সমর্থক-কর্মীদের রোষানল থেকে বাঁচতে হলে নির্বাচনে বিএনপিকে আসতেই হবে।’
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও বিএনপি ‘পরিচয় লুকিয়ে’ অংশ নিচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এটা তাদের বর্ণচোরা রাজনীতি। বিএনপি নেতারা প্রকাশ্যে যা বলে তা করে না, আর যা গোপনে করে তা প্রকাশ করে না। তাই তো জনগণ বিএনপির দ্বিচারিতা বুঝতে পেরে মুখ ফিরিয়ে নিয়েছে। তা ছাড়া ইউপি নির্বাচনে ভুল ও তথ্য গোপনের কারণে বিতর্কিত কারও মনোনয়ন পাওয়ার অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওবায়দুল কাদের।
