আনোয়ারায় বন্য হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ১২:২২ পিএম

চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে অজ্ঞাতপরিচয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার দিনগত রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামে এ ঘটনা ঘটে।

এ নিয়ে গত কয়েক বছরে দেয়াঙ পাহাড়ের বন্য হাতির আক্রমণে ১৭ জন নিহত ও অন্তত ২৫ জন নারী-পুরুষ আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. সোলাইমান জানান, রাতে দেয়াঙ পাহাড়ের তিনটি হাতি লোকালয়ে নেমে এসে মানুষের বসতঘর ও ফসলি জমির ক্ষতি করেছে। সকালে রাস্তার পাশে খেতে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাকে খবর দেয়।

‘অজ্ঞাতনামা মানসিক প্রতিবন্ধী এই লোকটি কয়েক দিন ধরে এলাকায় ঘোরাঘুরি করছিলেন বলে জানান স্থানীয়রা। তাদের ধারণা, হাতির আক্রমণে লোকটি মারা গেছেন।’

আনোয়ারা থানার ওসি (তদন্ত) সৈয়দ ওমর বলেন,গুয়াপঞ্চক এলাকায় খেতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে লাশটির নামপরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম ইয়াসিন নেওয়াজ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণের ব্যাপারে আমরা সজাগ রয়েছি। কীভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় তার জন্য বিভিন্নভাবে কাজ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত