সরফরাজকে কেন দলে নেওয়া হলো তা বুঝতে পারছেন না ইনজামাম

আপডেট : ১১ অক্টোবর ২০২১, ০৩:০০ পিএম

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রথম ঘোষিত পাকিস্তান দলে ছিলেন না উইকেটরক্ষক সরফরাজ আহমেদ। তবে পরিবর্তিত দলে নাটকীয়ভাবে সুযোগ পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

তবে সরফরাজকে কেন দলে নেওয়া হলো, তার কারণ খুঁজে পাচ্ছেন না ইনজামাম উল হক। নিজের ইউটিউব চ্যানেলে সাবেক পাকিস্তানি অধিনায়ক জানান, বিশ্বকাপ দলে সরফরাজের সুযোগ পাওয়ার কোনো কারণই খুঁজে পাচ্ছি না। গণমাধ্যমে সমালোচনা হলেও যুক্তি ছাড়াই কোনো খেলোয়াড়কে দলে নেওয়া ঠিক নয়।

বিশ্বকাপের জন্য পূর্বে ঘোষিত ১৫ জনের দলে ছিলেন আজম খান, খুশদিল শাহ এবং মোহাম্মদ হাসনাইন। তাদের পরিবর্তে নাটকীয়ভাবে দলে সুযোগ পেয়েছেন সরফরাজ, ফখর জামান এবং হায়দার আলী।

এদিকে, ইনজুরির কারণে পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড থেকে ছিটকে গেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান শোয়েব মাকসুদ। তার জায়গায় দলে ডাক পেয়েছেন সাবেক অধিনায়ক শোয়েব মালিক। সব ঠিক থাকলে এবার নিজের ষষ্ঠ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট জাতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বকাপের চূড়ান্ত দলে সুযোগ পান সরফরাজ, হায়দার এবং ফখর। এমনটাই জানান, পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম।

তবে ওয়াসিমের সঙ্গে একমত হতে পারছেন না ইনজামাম। তিনি বলেন, ‘নির্বাচক কমিটি যদি পারফরমেন্সের ওপর ভিত্তি করে দল নির্বাচন করতে চায়, তবে বয়স ও অন্যান্য সবকিছু ভুলে যাওয়া উচিত। আপনি যদি সরফরাজকে খেলাবেনই-না, তখন তাকে নিয়ে যাচ্ছেন কেন? গত দুই বছরে সে কয়টা টি-টোয়েন্টি খেলেছে? সাবেক অধিনায়ক সে। তাকে দলে নিয়ে না খেলানোর কোনো মানে হয় না।’

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান সরাসরি সুপার টুয়েলভ পর্বে খেলবে। দুবাইয়ে ২৪ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাবর আজমরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে দেশটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত