এক ঘণ্টার জন্য বরিশাল জেলা প্রশাসকের ‘প্রতীকী’ দায়িত্ব পেলেন বরিশাল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী নাজনীন জাহান হেনা। গতকাল সোমবার দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ‘গার্লস টেকওভার’ কর্মসূচির আওতায় ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) আয়োজনে বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা গ্রামে বাসিন্দা এনসিটিএফের সহ-সভাপতি নাজনীন জাহান হেনা এক ঘণ্টার জন্য বরিশাল জেলার জেলা প্রশাসকের ‘প্রতীকী’ দায়িত্ব পালন করেন।
বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছ থেকে প্রতীকীভাবে দায়িত্ব নেন হেনা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব নিয়েই হেনা জেলা প্রশাসকের কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে হেনা ও বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের কাছে কিশোর গ্যাং নির্মূল, করোনাকালীন অর্থনৈতিক সংকটের জন্য সৃষ্ট বাল্যবিয়ে নিরোধের ব্যবস্থা, পানিতে ডুবে শিশু মৃত্যুর হার হ্রাসকরণ ও জলবায়ু উদ্বাস্তু শিশুদের পুনর্বাসনের জন্য সুপারিশমালা পেশ করেন। পাশাপাশি এগুলো বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেছেন।
‘গার্লস টেকওভার’ কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে একজন কিশোরী, কন্যাশিশু অথবা তরুণীকে নেতৃত্ব প্রদানকারীর ভূমিকা পালন করতে সহায়তা করা, যাতে তার আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের স্বপ্ন পূরণে সে অঙ্গীকারাবদ্ধ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার মো. নাজমূল হুদা, সহকারী কমিশনার মো. মারুফ দস্তগীর, সহকারী কমিশনার শরীফ মো. হেলাল উদ্দিন, প্রবেশ অফিসার সাজ্জাদ পারভেজ, এনসিটিএফের সভাপতি আমিনুল ইসলাম ইয়াদ, এনসিটিএফের সাধারণ সম্পাদক নাদিয়া আক্তার প্রান্তিকসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
