বরিশালে ইলেকট্রিক মোটরযান রেজিস্ট্রেশন, চলাচলের নীতিমালায় ব্যাটারি রিকশা ও ইজিবাইকে অন্তর্ভুক্ত করে লাইসেন্স প্রদানসহ ৫ দফা দাবিতে সমাবেশ করেছে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ। গতকাল সোমবার নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই সমাবেশ হয়। পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করে।
সমাবেশে বক্তারা বলেন, জীবন ও জীবিকার প্রয়োজনে কর্মসংস্থানের চেষ্টা করতে গিয়ে সারা দেশে রিকশা, ব্যাটারি রিকশা, ইজিবাইক যে এখন একটি গুরুত্বপূর্ণ খাত তা অস্বীকার করার কোনো উপায় নেই। এ ক্ষেত্রে প্রায় ৫০ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে, ৪২টি উপখাত সৃষ্টি হয়েছে এবং প্রত্যক্ষ-পরোক্ষভাবে আড়াই কোটি মানুষ নির্ভরশীল হয়ে পড়েছে।
