‘নোনা জলের কাব্য’র তিন সুখবর

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:১৭ এএম

একসঙ্গে তিনটি সুখবর বয়ে আনল চলচ্চিত্র ‘নোনা জলের কাব্য’। ‘হাওয়াই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, ‘সাও পাওলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ও জাতিসংঘ জলবায়ু সম্মেলনে দেখানো হবে ছবিটি। এর নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত বলেন, ‘এর আগে ৬৪তম বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘অফিশিয়াল সিলেকশন’, বুসান, সিয়াটল, গোটেবর্গসহ বেশ কিছু বড় ফেস্টিভ্যালে আমাদের সিনেমাটি অংশ নিয়েছে। এবার যোগ হলো আরও দুটি উৎসব। এটা আমাদের জন্য অনেক সম্মানের। তার চেয়ে বড় কথা, সিনেমাটির জাতিসংঘ জলবায়ু সম্মেলন থেকে ডাক পাওয়া। আমি খুশি আমাদের প্রান্তিক জনগোষ্ঠী, যাদের কথা শোনার কেউ নেই, সিনেমাটির মাধ্যমে তাদের কথা, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশ্বের নানা প্রান্তের নেতারা শুনতে পাবেন।’ জাতিসংঘ আয়োজিত জলবায়ু সম্মেলনের সময় আইম্যাক্স থিয়েটারে ৮ নভেম্বর সন্ধ্যা ৬টায় ছবিটি প্রদর্শিত হবে। এর আগে ২৯ অক্টোবর একই ভেন্যুতে জাতিসংঘের ইয়ুথ লিডার কনফারেন্সে সিনেমাটির প্রদর্শনী হবে। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা বিশ্বনেতারা সিনেমাটি দেখবেন। এ ছাড়া ৪৫তম ‘সাও পাওলো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘নিউ ডিরেক্টর কম্পিটিশন’ বিভাগে জুরি পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে ‘নোনা জলের কাব্য’। ২১ অক্টোবর শুরু হয়ে এই উৎসব চলবে ৩ নভেম্বর পর্যন্ত। ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া, তাসনুভা তামান্না, অশোক ব্যাপারী অভিনীত ছবিটি এ বছর নভেম্বরের শেষের দিকে মুক্তির কথা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত