ইউটিউবে সবার জন্য অটো ক্যাপশন

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ১২:১৮ এএম

সব কনটেন্টে নির্মাতার জন্য ‘অটো লাইভস্ট্রিম ক্যাপশন’ ফিচার উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিল ইউটিউব। প্রাথমিক পর্যায়ে এক হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে এমন নির্মাতারা এই ফিচারের সুবিধা পেতেন। বধির বা শ্রবণ প্রতিবন্ধী মানুষের জন্য ব্যবহারবান্ধব করে তোলার জন্য এই সুবিধা নিয়ে এসেছে ইউটিউব।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ‘অটো লাইভস্ট্রিম ক্যাপশন’ ফিচারসহ বেশ কয়েকটি ফিচার আরও উন্নত করার ঘোষণা দিয়েছে ইউটিউব। শুরুতে অটো লাইভস্ট্রিম ক্যাপশন ফিচারটি কেবল ইংরেজি ভাষায় সীমিত থাকলেও এই ফিচারে যোগ হচ্ছে আরও ১২টি ভাষা, যার মধ্যে আছে জাপানি, তুর্কি ও স্পেনীয়।

এ ছাড়া একই ভিডিওতে একাধিক অডিও ট্র্যাক যোগ করার সক্ষমতা আনছে ইউটিউব। সীমিত দৃষ্টিশক্তির ব্যবহারকারীদের জন্য আসছে ‘অডিও ডেসক্রিপশন’ ফিচার।

প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, লাইভ স্ট্রিমের ক্ষেত্রে ভিন্ন ভাষার সক্ষমতা ও অটো-ট্রান্সলেট ক্যাপশন ফিচারগুলো চালু হবে কয়েক মাসের মধ্যে। আর একাধিক অডিও ট্র্যাক যোগ করার ফিচারটি ভবিষ্যতে চালু হবে বলে জানিয়েছে ইউটিউব। ক্যাপশন স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ আর ট্রান্সক্রিপ্ট সার্চ করার ফিচার দুটি এখন ডেস্কটপ থেকে মোবাইল ডিভাইসেও আসছে বলে জানিয়েছে ভার্জ।

নতুন ফিচারগুলো কয়েক মাসের মধ্যে চালু হবে বললেও, ‘সাবটাইটেল এডিটর’ নিয়ে নিশ্চিত করে কিছু বলেনি ইউটিউব। ভবিষ্যতে ফিচারটির অগ্রগতি নিয়ে আরও তথ্য জানাবে বলে প্রতিষ্ঠানটি। কনটেন্ট নির্মাতারা সাবটাইটেল অপশনটি উন্মুক্ত করে দিলে গ্রাহক এই সুবিধা পাবেন।

বন্ধ হয়ে যাওয়া ‘কমিউনিটি ক্যাপশন’ ফিচারের বিকল্প হিসেবে অটো ক্যাপশন ফিচার আসার কথা ছিল। কনটেন্ট ভিন্ন ভাষার দর্শকদের কাছে তুলে ধরতে ক্যাপশন ও অনুবাদের জন্য স্বেচ্ছাসেবকদের ওপর নির্ভর করতে হতো। কমিউনিটি ক্যাপশন ফিচারটি বন্ধ হয়ে যাওয়ার পর বেশ বিপাকে পড়েছিলেন অনেক নির্মাতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত