আফগানিস্তান ত্যাগের পর প্রথমবারের মতো তালেবান প্রতিনিধিদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল। গত রবিবার কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওই আলোচনা স্পষ্ট এবং প্রাণবন্ত ছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ওই বৈঠকে আবারও জানিয়ে দিয়েছে তালেবানকে তাদের কাজ দিয়ে বিচার করা হবে, কথা দিয়ে নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দোহার ওই আলোচনায় গুরুত্ব পেয়েছে নিরাপত্তা, সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে ফেরার নিশ্চয়তা। এছাড়া আফগান সমাজের সব ক্ষেত্রে নারী ও মেয়েদের অর্থপূর্ণ অংশগ্রহণসহ সামগ্রিক মানবাধিকার ইস্যুও গুরুত্ব পেয়েছে বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ আফগান জনগণের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা নিয়েও আলোচনা করেছে। এতে বলা হয়েছে, ‘আলোচনা ছিল স্পষ্ট এবং পেশাদার। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা স্পষ্ট করেছেন যে, তালেবানকে বিচার করা হবে কাজ দিয়ে, কেবল কথা দিয়ে নয়।’
গত শনিবার আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মোল্লা আমির খান মুত্তাকি জানান, তালেবান প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে আফগান সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভ ছাড় করার অনুরোধ জানাবেন। তার আগে বাইডেন প্রশাসনের কর্মকর্তারা জানান, প্রতিনিধিরা অপহৃত নাগরিক মার্ক ফ্রেরিকসকে ছেড়ে দিতে তালেবানকে চাপ দেবেন। এছাড়া আফগান ভূখণ্ড আল কায়েদা বা অন্য কোনো উগ্রবাদীদের ব্যবহার করতে দেওয়া হবে না বলে তালেবানের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার তাগাদা দেবেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, রবিবারের বৈঠক ছিল তালেবানের সঙ্গে চলমান ‘প্রায়োগিক সম্পৃক্ততার’ অংশ। এটা তাদের স্বীকৃতি বা বৈধতা দেওয়ার কোনো উপলক্ষ নয় বলেও জানান তারা।
