রিং আইডি ও টিকিট ডটকমের দুজন গ্রেপ্তার

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:১৪ এএম

আইডি খোলার নাম করে এবং আয়ের নানা প্রলোভন দেখিয়ে গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে গ্রেপ্তার করেছে সিআইডি। গত রবিবার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে সিআইডি জানিয়েছে, রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেবে। গতকাল সোমবার রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিআইডির এডিশনাল ডিআইজি (সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশন বিভাগ) কামরুল আহসান।

তিনি আরও জানান, প্রতিষ্ঠানটির প্রায় ২০০ কোটি টাকা সিআইডির অনুরোধে বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। তবে রিং আইডির হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও অনেক বেশি। সেই অর্থ কোথায় জমা আছে তা এখনো অজানা।

শরিফ ইসলাম ও আইরিন ইসলাম এর আগেও বিটিআরসির অভিযোগে ২০১৬ সালে সিআইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন। মাসখানেক পরই বেরিয়ে আসেন।

সিআইডির এ কর্মকর্তা বলেন, রিং আইডি কয়েক ধাপে জালিয়াতি করছিল। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন রিং আইডি প্রচার করত। ওই বিজ্ঞাপন দেখলে গ্রাহকরা টাকা পাবেন এই লোভ দেখিয়েছিলেন তারা। প্রথম দিকে টাকা দিলেও পরে আর গ্রাহকরা টাকা পাননি।

এডিশনাল ডিআইজি কামরুল আহসান আরও বলেন, রাজধানীর সদরঘাট থেকে অনলাইন টিকিটিং এজেন্সি ‘টুয়েন্টিফোর টিকিট ডটকম’র বোর্ড অব ডিরেক্টরের সদস্য মিজানুর রহমান সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। এক ভুক্তভোগীর করা মামলার এজাহারনামীয় আসামি তিনি। একই ঘটনায় গত ৪ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানা এলাকা থেকে টুয়েন্টিফোর টিকিট ডটকম’র অন্য এক পরিচালক মো. রফিকুল হাসানকে গ্রেপ্তার করে সাইবার পুলিশ। তারা পরস্পর যোগসাজশে ফেইসবুক ও ওয়েবসাইটে মিথ্যা তথ্য প্রচার করে আর্থ আত্মসাৎ করেছে। ২০১৯ সালে টুয়েন্টিফোর টিকিট ডটকম’ যাত্রা শুরু করে। এখন পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা তারা আত্মসাৎ করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত