ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:২৭ এএম

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ২০৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ঢাকায় ১৬২ ও ঢাকার বাইরে ৪৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছে ৭৮ জন।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯৩৫ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতেই আছে ৭৫৮ জন, আর বাকি ১৭৭ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ২০ হাজার ৩৩৬ জন রোগী ভর্তি হয়েছে এবং ছাড়া পেয়েছে ১৯ হাজার ৩২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্তদের মধ্যে শূন্য থেকে ১ বছরের মধ্যে ২ দশমিক ৮ শতংশ, ১ থেকে ১০ বছরের মধ্যে ১৪ দশমিক ৮ শতাংশ, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১৯ শতাংশ, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ২৪ দশমিক ৬ শতাংশ, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২০ দশমিক ৪ শতাংশ, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৯ দশমিক ২ শতাংশ, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ দশমিক ৩ শতাংশ এবং ৬০ বছরের ঊর্ধ্বে ২ দশমিক ৪ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। মৃতদের মধ্যে ১০ থেকে ২০ বছরের মধ্যে ১ এবং ৪০ থেকে ৫০ বছরের জন ১ জন মারা যান।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ২০৭ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ হাজার ১৩৯ জন। এর আগে সেপ্টেম্বরে ভর্তি হয়েছে ৭ হাজার ৮৪১ জন। আগস্ট মাসে হাসপাতালে ভর্তির সংখ্যা ছিল ৭ হাজার ৬৯৮। এরও আগে জুলাই মাসে ২ হাজার ২৪৬, জুন মাসে ২৭২, মে মাসে ৪৩, এপ্রিলে ৩, মার্চ মাসে ১৩, ফেব্রুয়ারিতে ৯ ও জানুয়ারিতে ৩২ জন হাসপাতালে ভর্তি হয়।

এ বছরের প্রথম ৬ মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। জুলাই থেকে রোগী বাড়ার পাশাপাশি মৃত্যুর ঘটনা শুরু হয়। গত আড়াই মাসেই ৭৮ জন মারা গেছে। এর মধ্যে অক্টোবরে ৯, সেস্টেম্বরে ২৩, আগস্টে ৩৪ ও জুলাইয়ে ১২ জন মারা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত