রাজারবাগের পীর ও দরবার শরিফ

সম্পদের তদন্তের আদেশ চেম্বার আদালতে বহাল

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:২৮ এএম

রাজধানীর রাজারবাগ দরবার শরিফ ও পীর দিল্লুর রহমানের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তে হাইকোর্ট যে আদেশ দিয়েছিল সেটি সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে বহাল রয়েছে। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রাজারবাগের পীর দিল্লুর রহমানের করা আবেদনের ওপর গতকাল সোমবার সাড়া দেয়নি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত চেম্বার আদালত। আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জহিরুল ইসলাম মুকুল। অপরপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির দেশ রূপান্তরকে জানান, হাইকোর্টের আদেশটি স্থগিত চেয়ে গত ২৩ সেপ্টেম্বর রাজারবাগের পীরের এক অনুসারীর করা আবেদনে সাড়া না দিয়ে এ বিষয়ে ২৪ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিল চেম্বার আদালত। তিনি বলেন, ‘হাইকোর্টের  আদেশের অনুলিপি পাওয়ার পর আদেশটি স্থগিত ও লিভ টু আপিল (আপিলের অনুমতি) চেয়ে পীর সাহেব নিজেই একটি আবেদন করেছিলেন। চেম্বার আদালত এ আবেদনে কোনো আদেশ দেয়নি (নো অর্ডার)।’    

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে গঠিত হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আদেশে রাজারবাগের পীর ও দরবার শরিফের সম্পদের তদন্ত করতে দুদককে নির্দেশনাসহ দরবার শরিফের কার্যক্রমে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করতে পুলিশের সিটিটিসিকে (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) নির্দেশ দিয়ে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে। এছাড়া রাজারবাগের পীর ও তার মুরিদ কর্তৃক ৮ ব্যক্তিকে মামলা দিয়ে কারা হয়রানি করছে সে বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছিল  হাইকোর্ট।

রাজারবাগের পীর ও দরবার শরিফের মালিকানায় থাকা সম্পদের বিবরণ, লভ্যাংশ, পীরের সম্পত্তি এবং ব্যাংক হিসাবের তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে দুদকের প্রতি নির্দেশনা চেয়ে গত ১৬ সেপ্টেম্বর ৮ ব্যক্তির পক্ষে উচ্চ আদালতে এ রিট আবেদনটি করেন আইনজীবী শিশির মনির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত