কাশ্মীরে গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ০২:৩০ এএম

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে পাঁচ সেনাসদস্য নিহত হয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত যেসব হামলা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবেন্দ্র আনন্দ গতকাল সোমবার এ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। তিনি বলেন, তল্লাশি অভিযান পরিচালনার সময় সম্ভবত অনুপ্রবেশকারীদের গুলিতে একজন কর্মকর্তাসহ চার সেনাসদস্য নিহত হয়েছেন। অভিযান এখনো অব্যাহত রয়েছে।

ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে একটি পাহাড়ি এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গুলি বিনিময়ের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

গত ফেব্রুয়ারিতে ভারত ও পাকিস্তানের মধ্যে ডি-ফ্যাক্টো সীমান্তে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তারপর থেকে ওই এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে ভয়াবহ হামলা। ১৯৪৭ সালের পর থেকেই কাশ্মীরের কিছু অংশ ভারত আর কিছু অংশ পাকিস্তানের নিয়ন্ত্রণে রয়েছে। তবে কাশ্মীরকে দু’পক্ষই নিজেদের বলে দাবি করে আসছে।

তিন দশকের বেশি সময় ধরে স্বাধীনতার দাবিতে কাশ্মীরের স্বাধীনতাকামীরা ভারতের সেনাদের সঙ্গে লড়াই করে আসছে। ফলে ভারতীয় সেনাবাহিনী প্রায়ই স্বাধীনতাকামীদের দমনে ওই অঞ্চলে অভিযান পরিচালনা করে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত