শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটারদের প্রস্তুতিটা ভালো হলো না। সৌম্য সরকারের ২৬ বলে ৩৪ রান বাদে আর কেউই বলার মতো রান করতে পারলেন না।
মঙ্গলবার আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রানের বেশি করতে পারেনি টাইগাররা।
পিঠের চোটে মাহমুদউল্লাহ ছিলেন না। তাই এ ম্যাচে নেতৃত্ব দেন লিটন দাস। তিনি ১৬ রান করেন। মোহাম্মদ নাঈম (১১), মুশফিকুর রহিম (১৩), আফিফ হোসেন (১১), নুরুল হাসান সোহান (১৫), শামীম হোসেনরা (৫) নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি। মেহেদি হাসান ১৬ রানে অপরাজিত ছিলেন।
টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়াও এ ম্যাচে নেই মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাকিব আল হাসান। সাকিব কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে ব্যস্ত রয়েছেন।
বৃহস্পতিবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।
