সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড দল পাকিস্তান ছেড়ে যাওয়ার পর ইংল্যান্ডও দেশটিতে সফর বাতিল করায় হতাশ ইমরান খান। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী মনে করেন, ভারত হলে এমন সাহস দেখাতে পারত না দেশগুলো। ইমরানের মতে, বিশ্ব ক্রিকেট এখন ভারতের নিয়ন্ত্রণে। ‘মিডলইস্টআই’ নামের একটি বার্তামাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ৬৯ বছর বয়সী ইমরান খান। গত বছর করোনা মহামারীর সময়ে দুটি দেশকে ইংল্যান্ড দেশে নিয়ে সিরিজ খেলেছিল। একটি ওয়েস্ট ইন্ডিজ, অন্যটি পাকিস্তান। পাকিস্তানকে তারা নিয়েছিল ফিরতি সফরের কথা দিয়ে। কিন্তু কথা রাখেনি ইংল্যান্ড বোর্ড। এ কারণে সমালোচনার মুখে বোর্ড চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর পদত্যাগ করেছেন বলে জানা যায়। ইংল্যান্ডের এমন আচরণের ব্যাপারে ইমরান খান বলেন, ‘ইংল্যান্ডের আসলে নিজেদের প্রশ্ন করা উচিত। অন্য কোনো দেশ যদি তাদের সঙ্গে এমন করত তাহলে তারা কী করত? ইংল্যান্ডই নিজেদের মান হারিয়েছে। আমি তাদের থেকে প্রাপ্যটা আশা করেছিলাম। আশা করিনি যে তারা কারও সঙ্গে কোনো পরামর্শ ছাড়াই এই সিদ্ধান্ত নিয়ে নেবে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মধ্যে এখনো এই মনোভাব আছে যে তারা আমাদের সঙ্গে খেলে খুব মানবিকতা দেখিয়েছে। আসলে এটা হয়েছে ভারতের জন্য। এখন ক্রিকেট বা ক্রিকেটারদের চেয়েও অর্থ বড় খেলোয়াড় হয়ে উঠেছে। ভারত ক্রিকেট বোর্ড সবচেয়ে ধনী। তারাই ক্রিকেটটা চালায়। ভারতের সঙ্গে ইংল্যান্ড এমন কিছু (পাকিস্তান সফর বাতিল) করার সাহসও দেখাত না।’
যেই নাশকতার শঙ্কায় নিউজিল্যান্ড ও ইংল্যান্ড দুই দলই পাকিস্তান সফর বাতিল করেছে তাকে ভুল সংবাদ বললেন ইমরান খান। জানালেন, ‘ওটা অবশ্যই ভুল খবর ছিল। কেউ তো এবারে কিছু প্রমাণ করতে পারেনি। তাছাড়া আমাদের এখন অনেক মূল চিন্তার মধ্যে একটি হলো বিদেশি দলগুলোকে নিরাপত্তা দেওয়া। আমরা সেটা যথাযথভাবে করেছি। আমাদের বিশ্বের অন্যতম সেরা ইন্টিলিজেন্স এজেন্সিও আছে। তবুও আমাদের ওপর ভরসা না করাটা অন্যায়।’
