রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলায় আপন জুয়েলার্সের কর্ণধার দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির বিরুদ্ধে গতকাল মঙ্গলবার রায় ঘোষণা হয়নি।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, বিচারক মোছা. কামরুন্নাহার অসুস্থতাজনিত ছুটিতে থাকায় আদালতের ভারপ্রাপ্ত বিচারক আল মামুন রায়ের জন্য আগামী ২৭ অক্টোবর দিন ধার্য করেছেন।
রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আফরোজা ফারহানা আহমেদ অরেঞ্জ দেশ রূপান্তরকে বলেন, ‘আলোচিত এ মামলার রায়ের জন্য আজ (গতকাল) দিন ধার্য ছিল। সকালে বিচারক আমাকে অসুস্থতার কারণে ছুটিতে থাকার কথা জানান। করোনা ও ডেঙ্গু হওয়ায় তিনি রায় প্রস্তুত করতে পারেননি।’
এ মামলার অন্য আসামিরা হলেন সাফাতের বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচ এম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল হোসেন। আসামিরা জামিনে ছিলেন। তবে গত ৩ অক্টোবর উভয়পক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি শেষে রায় ঘোষণার দিন ধার্য করার সময় তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
২০১৭ সালের ২৮ মার্চ সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে রেইনট্রি হোটেলে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ৬ মে বনানী থানায় পাঁচজনের নামে মামলা হয়।
তদন্ত শেষে ২০১৮ সালের ৭ জুন পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে সাফাত আহমেদ ও নাঈম আশরাফের বিরুদ্ধে ধর্ষণের এবং সাদমান সাকিফ, রহমত আলী ও বিল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনা হয়।
আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের ১৩ জুলাই অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেয় আদালত। গত ২২ আগস্ট এ মামলায় সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মোট ২২ জন সাক্ষ্য দেন।
