আড়াই মাস পূর্ণ হওয়ার আগেই ই-কমার্স প্রতিষ্ঠান ‘শ্রেষ্ঠ’র জনসংযোগ ও যোগাযোগ কর্মকর্তার পদ ছাড়লেন চিত্রনায়ক নিরব হোসাইন।
গত ১ আগস্ট প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন মডেলিং থেকে অভিনয়ে প্রতিষ্ঠা পাওয়া এ তারকা।
সাম্প্রতিক সময়ে ই-কমার্স প্রতিষ্ঠানের জালিয়াতি নিয়ে তোলপাড় হয় সারা দেশে। একাধিক তারকা এ ধরনের সংস্থার সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন। এর মাঝে ই-কমার্স প্রতিষ্ঠান কিউকমের বিপণন বিভাগের প্রধান আরজে নীরব গ্রেপ্তার হন।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে নিরব বললেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। এগুলোর শুটিং টানা করতে হবে। পাশাপাশি সামনে আমার কয়েকটি সিনেমা মুক্তি পাবে। সেগুলোর প্রচারণাতেও অংশ নিতে হবে। তাই চাকরিটা কনটিনিউ করা সম্ভব হচ্ছে না। নিজ থেকেই চাকরিটা ছেড়ে দিয়েছি।’
সপ্তাহ দু-এক আগে মুক্তি পাওয়া ‘চোখ’ ছবিতে দেখা গেছে নিরবকে। সামনে দেখা যাবে ‘ক্যাসিনো’, ‘অমানুষ’ ও ‘ফিরে দেখা’য়।
